ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের কাজ ২০১৮ সালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের পাশে ছয় লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে হবে। এ প্রকল্পের কাজ শুরু হবে ২০১৮ সালে। শেষ হবে ২০২২ সালের মধ্যে। সরকারি ও বেসরকারি উদ্যোগে এ প্রকল্পের কাজ শেষ হলে আড়াই ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যাবে।
গত মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুবুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, এ জন্য প্রায় ৩০ হাজার কোটি টাকা ব্যয় হবে। ইতিমধ্যে প্রকল্পের সমীক্ষা শেষ হয়েছে। ২১৭ কিলোমিটার দীর্ঘ ওই পথে যাতায়াত করতে টোল দিতে হবে। এ পথে সাতটি স্থানে যাত্রী ওঠানামা করতে পারবে। যেসব জায়গায় যানবাহন থামবে সেগুলো হচ্ছে নারায়ণগঞ্জের মদনপুর, কুমিল্লার দাউদকান্দি, ময়নামতি ও পদুয়ারবাজার, ফেনী, চট্টগ্রামের বারইয়ারহাট ও সলিমপুর।
মাহবুবুল আলম বলেন, ‘প্রকল্পটির নাম ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। সড়কের ১৯ কিলোমিটার এলিভেটেড ও ১৯৮ কিলোমিটার এক্সপ্রেসওয়ে হবে। কাঁচপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে হবে। এ প্রকল্পের জন্য কিছু এলাকায় ভূমি অধিগ্রহণ করতে হবে। কুমিল্লা জেলায় ১০০ কিলোমিটার মহাসড়ক রয়েছে। তাই এ এলাকার মানুষের সঙ্গে নতুন প্রকল্প নিয়ে মতবিনিময় করছি।’
জেলা প্রশাসক হাসানুজ্জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়। এতে উপস্থিত ছিলেন সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তুষার কান্তি সাহা, সওজ কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন প্রমুখ।