ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের উদ্বোধন মে মাসে: সেতুমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন আগামী মে মাসের শেষ দিকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববার কুমিল্লায় এ কথা বলেছেন।
সেতুমন্ত্রী গতকাল কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম ‘কার আন্ডারপাস’ উদ্বোধন করেছেন। এ সময় তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের প্রথম স্তরের কাজ আগামী ১০ দিনের মধ্যেই শেষ হবে।
কার আন্ডারপাসটি দিয়ে সেনাবাহিনীর গাড়ি ভূগর্ভস্থ পথে সেনানিবাসে যাতায়াত করতে পারবে। এতে ওপরের সড়কে অন্য যানবাহনকে অপেক্ষা করতে হবে না।
ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু হয়েছে।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত আন্ডারপাস উদ্বোধনের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ। উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের সাবেক জিওসি মেজর জেনারেল জাহিদুর রহমান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ, প্রকল্প পরিচালক আবদুস সবুর, সুপারিনটেনডেন্ট কে এম আতিকুল হক, প্রকল্প ব্যবস্থাপক দিদারুল আলম প্রমুখ।