ঢাকা-চট্টগ্রাম পথে ২২৫ কিমি উড়াল সড়ক হবে: কাদের
ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত উড়ালপথে দ্রুতগতির সড়ক (এক্সপ্রেসওয়ে) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই উড়ালপথটি হবে বিদ্যমান চার লেন সড়কের ওপর দিয়ে। ২২৫ কিলোমিটার দীর্ঘ এ উড়ালপথ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ হাজার কোটি টাকা।
গতকাল বুধবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে উন্নয়ন প্রকল্প-বিষয়ক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ আগামী মে মাসের শেষ সপ্তাহে শেষ হবে।
মন্ত্রী বলেন, জাপানের অর্থায়নে সিলেট অঞ্চলে ছোট-বড় ১৬টি সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শহীদ শেখ কামাল সেতু ও শহীদ শেখ জামাল সেতু দুটি ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করবেন।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।