ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে একটি হত্যা মামলার আসামি হিসেবে গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে পুলিশ আটক করেছে। এ আটকের প্রতিবাদে দলীয় নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের বিভিন্ন স্থানে অবরোধ করেন। এ সময় বেশ কটি গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয় লোকজন জানান, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনির হত্যা মামলার চার আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ওরফে কামাল মেম্বার, যুবলীগের নেতা জয়নাল আবদীন ওরফে জয়নাল মেম্বার, মনির ও রহিম উল্লাকে গতকাল সন্ধ্যায় মধুয়্যাই গ্রামের বালিগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে ফেনী নিয়ে যায়।

নেতা-কর্মীদের মুক্তির দাবিতে দলীয় নেতা-কর্মীরা রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ, ফরহাদনগর, ফাজিলপুর, লেমুয়া, ফতেপুর, মোহাম্মদ আলী বাজার এবং ফেনী-সোনাগাজী সড়কের গোবিন্দপুর এলাকায় সড়ক অবরোধ ও বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। গতকাল রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক রাত সাড়ে নয়টায় সাংবাদিকদের জয়নাল নামের একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার জানান, পুলিশ মহাসড়কে অবরোধ সরিয়ে দেওয়া চেষ্টা করছে।