ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত বৃহস্পতিবার দিবাগত রাতে পর পর দুটি কাভার্ড ভ্যান বিকল হয়ে এবং আরও দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে তীব্র যানজট তৈরি হয়।
গতকাল শুক্রবার বেলা দুইটা পর্যন্ত মহাসড়কের দুই পাশেই তৈরি হওয়া এ যানজটে দুর্ভোগ পোহায় যাত্রীরা।
সড়ক পুলিশ ও যাত্রীরা জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে সোনারগাঁয়ের মেঘনা সেতুর ওপর ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান বিকল হয়। সড়ক পুলিশ সেটি সরানোর পর রাত তিনটার দিকে আরেকটি কাভার্ড ভ্যান বিকল হয়। এটি বিকল হয় মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগরে।
এরপর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বারপাড়ায় দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে উপজেলার রায়পুর থেকে মেঘনা সেতু পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।
দাউদকান্দি মহাসড়ক থানার ওসি জুবায়েদুল আলম বলেন, বিকল হওয়া ও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়।