ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ১৪ কিলোমিটারে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাত তিনটায় যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও মহাসড়ক থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাল লেনের মধ্যে দুই লেনের মেরামতকাজ চলছে। এ ছাড়ায় চালকেরা বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন সঠিকভাবে চলাচল করছে না। এ কারণে গত মঙ্গলবার রাতেই যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার বেলা ১১টায় এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বেলা সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লা থেকে দাউদকান্দিগামী পাপিয়া পরিবহনের বাসের চালক মানিক মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, কুমিল্লা থেকে ভোর ছয়টায় ছেড়ে আসা বাসটি দাউদকান্দির গৌরীপুরে সকাল সাতটায় পৌঁছার কথা। কিন্তু যানজটের কারণে সকাল সাড়ে আটটায় গৌরীপুরে বাসটি পৌঁছেছে।
সকাল আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারোপাড়া এলাকায় চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের চালক খলিল মিয়া বলেন, ‘ভোর পাঁচটায় দাউদকান্দির শহীদনগর এলাকায় যানজটে আটকা পড়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে সাড়ে তিন ঘণ্টা লেগেছে। বাকি পথ কখন অতিক্রম করতে পারব জানি না।’
গৌরীপুরের ব্যবসায়ী ইউনুস মিয়া বলেন, তিন দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ অংশে যানজট লেগেই থাকছে। এতে সবাই দুর্ভোগ পোহাচ্ছে।
দাউদকান্দি মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী থেকে পুটিয়া পর্যন্ত চার লেনের মধ্যে দুই লেনে কাজ চলার কারণে অন্য দুই লেন দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করছে। এ ছাড়া চালকেরা ট্রাফিক আইন না মেনে নিজেদের ইচ্ছেমতো যানবাহন চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট-সমস্যা দূর করার জন্য যে দুই লেনে মেরামতের কাজ চলছে, তার মধ্যে একটি খুলে দেওয়া হবে।