ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যানজটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গত রোববার গভীর রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত যানজটে দুর্ভোগে পড়ে যাত্রীরা। সংস্কারকাজের জন্য চার লেন সড়কের দুই লেন বন্ধ করে দেওয়া, বৃষ্টি এবং মহাসড়কের দুটি স্থানে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় যানজট হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। যানজটের কারণে দুর্ভোগের শিকার হয় যাত্রীরা।
পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত একটার দিকে সীতাকুণ্ডের ছোট দারোগাহাট ও পন্থিছিলা বটতল এলাকায় দুটি গাড়ি নষ্ট হয়। গাড়ি দুটি সরিয়ে নিতে দেরি হওয়ায় যানজটের সৃষ্টি হয়। এর সঙ্গে চার লেনের মধ্যে দুই লেন বন্ধ থাকায় মহাসড়কের দুই দিকে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত যানজট বিস্তৃত হয়।
গতকাল সকাল থেকে মহাসড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, কখনো ধীরগতিতে, কখনো থেমে থেকে গাড়ি চলছে। যানজট মোকাবিলায় কুমিরা হাইওয়ে পুলিশের পাশাপাশি বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশকেও দায়িত্ব পালন করতে দেখা যায়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহিম জানান, মহাসড়কের সম্প্রসারিত চার লেনের দুই লেনে গাড়ি চলাচল বন্ধ থাকায় একটি গাড়ি ধীরে চললেই যানজট লেগে যায়। বৃষ্টির কারণে যানজট নিরসনে হাইওয়ে পুলিশকে বেগ পেতে হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. আশিকুর রহমান বলেন, গতকাল বিকেল তিনটার দিকে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।