রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে অচিরেই ডাবল লাইন চালু হবে। গতকাল বৃহস্পতিবার ফেনী রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, বর্তমান সরকারের আমলে সড়কপথের পাশাপাশি রেলপথেরও দ্রুত উন্নয়ন হচ্ছে। যাত্রীদের ভোগান্তি অনেক কমে গেছে। কালোবাজারে টিকিট বিক্রি বন্ধ হয়েছে। মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত হয়েছে। তিনি আরও বলেন, রেলপথের উন্নয়নে সরকার ইতিমধ্যে ৬৬টি নতুন প্রকল্প হাতে নিয়েছে। অচিরেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে ডাবল লাইন চালু করা হবে।
রেলপথমন্ত্রী ফেনী রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলী ট্রেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান উপস্থিত ছিলেন।