ঢাকা-চট্টগ্রামে এক্সপ্রেস ট্রেন হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের বিভিন্ন স্থানের ৫১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের বিভিন্ন স্থানের ৫১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা ও চট্টগ্রাম এই দুটি মহানগরের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ৫১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
৫১ প্রকল্পের একটি ছিল টঙ্গী-ভৈরববাজার ডাবল রেললাইনে ট্রেন চলাচল উদ্বোধন। সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বরিশাল কখনো রেল দেখেনি, সেখানেও রেল যাবে। টাঙ্গাইলবাসীকেও রেলসেবার আওতায় আনা হবে। পটুয়াখালী, পায়রাবন্দর পর্যন্ত রেল নেওয়া হবে।’ এ বিষয়ে কার্যক্রম শুরুর জন্য রেলমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ দ্রুত সম্পন্ন করার জন্য সব ভেদাভেদ ভুলে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের একযোগে কাজ করার এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ জনগণকে সুষ্ঠুভাবে প্রকল্প সম্পাদনে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘যত দ্রুত এই মাতৃভূমিকে আমরা উন্নত করতে পারব, ততই আমরা বিশ্বদরবারে মাথা উঁচু করে চলতে পারব।’
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৯০টি গ্রামে ছয় হাজার পরিবারের মধ্যে বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জের প্রকল্পসমূহের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ- কোটালীপাড়ার মানুষদের কাছে আমি চিরকৃতজ্ঞ। সব হারাবার পর তাঁরাই আমাকে বুকে টেনে নেন।’
এরপর চট্টগ্রামের পটিয়ার ১০৮ মেগাওয়াট ইসিপিভি চট্টগ্রাম লিমিটেড, কুমিল্লার জাঙ্গালিয়ার ৫২ দশমিক ২ মেগাওয়াট লাকধানাভি বাংলা পাওয়ার লিমিটেড, গাজীপুরের কড্ডার ১৫০ মেগাওয়াট বিপিডিবি-আরপিসিএল পাওয়ারজেন লিমিটেড এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ২২৫ মেগাওয়াট সিসিপিপি (এসটি ইউনিট) বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও তিনি পটুয়াখালীর পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে নবনির্মিত শেখ কামাল সেতু ও শেখ জামাল সেতু উদ্বোধন এবং সিলেট সড়ক জোনে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (ইবিবিআইপি) আওতায় নবনির্মিত ১৬টি সেতু একযোগে উদ্বোধন করেন।
এরপর প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনসহ নারায়ণগঞ্জ শহরের পানি সরবরাহব্যবস্থার সম্প্রসারণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় নির্মিত সোনাকান্দা পানি শোধনাগারেরও উদ্বোধন করেন। এ ছাড়া শেখ হাসিনা এদিন জয়পুরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনসহ এ জেলার বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না। একটা মানুষও গৃহহীন থাকবে না, একটা মানুষও না খেয়ে মরবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না।’
প্রকল্পগুলো উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় প্রকল্প স্থানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তি এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরুর তাগিদ দেন।
নারায়ণগঞ্জ থেকে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, ভৈরব থেকে রেলমন্ত্রী মুজিবুল হক ও বিসিবির সভাপতি সাংসদ নাজমুল হাসান, কুমিল্লা থেকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, চট্টগ্রাম থেকে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, পটুয়াখালীতে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, জাতীয় পার্টির মহাসচিব সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার ছাড়াও সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, সাংসদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনের সঙ্গে সংযুক্ত ছিলেন।
গণভবনে মূল অনুষ্ঠানস্থলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এবং বিদ্যুৎ ও জ্বালানি-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সটি পরিচালনা করেন।
ভৈরব থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, সেখানে অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ভৈরব থেকে টঙ্গী পর্যন্ত ডাবল লাইন হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ৩২০ কিলোমিটারের মধ্যে আর মাত্র ৭৮ কিলোমিটার সিঙ্গেল লাইন রয়েছে। বাকি ৭৮ কিলোমিটার লাইনও ডাবল করার কাজ দ্রুত এগিয়ে চলছে। ডাবল লাইন হওয়ায় যাত্রাপথের সময় কমবে এবং বাড়বে সেবা।