ঢাকা-ঠাকুরগাঁও সরাসরি ট্রেন চালু হবে কবে?
ঢাকা-ঠাকুরগাঁও সরাসরি আন্তনগর ট্রেন চালু হবে কি না, এই আশঙ্কা এলাকাবাসীর পিছু ছাড়ছে না। যদিও স্থানীয় সাংসদ বলেছেন, জনগণের দীর্ঘদিনের এই স্বপ্ন পূরণ সময়ের ব্যাপার মাত্র।
রেল বিভাগ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত রেলপথ অনেকটাই নড়বড়ে ছিল। পরে মিটারগেজ এ রেলপথ ব্রডগেজ করার পরিকল্পনা নেওয়া হয়। ২০১০ সালে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের ভোমরাদহ পর্যন্ত ব্রডগেজ লাইন স্থাপনের কাজ শুরু করে ম্যাক্স কনস্ট্রাকশন এবং ভোমরাদহ থেকে পার্বতীপুর পর্যন্ত রেলপথ স্থাপনের কাজটি পায় তমা কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ খরচ ধরা হয় ৯৮২ কোটি টাকা। দুবার নির্মাণকাজের সময়কাল বাড়িয়ে গত বছরের ডিসেম্বরে কাজ সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দাদের অনেকে বলছেন, রেলপথ আধুনিকায়নের কাজ মাস তিনেক আগে শেষ হয়েছে। কিন্তু এখনো ঢাকার সঙ্গে আন্তনগর ট্রেন যোগাযোগ শুরু হয়নি। কবে হবে, তা-ও কেউ বলছেন না।
ঠাকুরগাঁও রোড স্টেশন এলাকার বাসিন্দা মো. আসাদুজ্জামান বলেন, বছর দুয়েক ধরে শোনা যাচ্ছে, ঢাকার সঙ্গে সরাসরি আন্তনগর ট্রেন চালু হবে। কিন্তু সব কাজ শেষ হওয়ার পরও তা চালু হচ্ছে না। আবার শোনা যাচ্ছে, ঠাকুরগাঁও থেকে একটি শাটল ট্রেনে যাত্রী দিনাজপুরে নিয়ে গিয়ে ঢাকার আন্তনগর ট্রেন ধরিয়ে দেওয়া হবে। এলাকাবাসী দুধের স্বাদ ঘোলে মেটাতে চায় না। তারা ঠাকুরগাঁও থেকেই সরাসরি ট্রেন চায়।
ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, রেলপথ মিটারগেজ থেকে ব্রডগেজ করা হলো, স্টেশনগুলো নির্মাণ করাসহ আন্তর্জাতিক ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। কিন্তু এরপরও ট্রেন চালু হচ্ছে না। কবে চালু হবে, এ বিষয়েও কর্তৃপক্ষ কোনো কিছু খুলে বলছে না। তাই এ নিয়ে সন্দেহ রয়ে যায়, আদৌ ঠাকুরগাঁও থেকে সরাসরি ঢাকার সঙ্গে ট্রেন চালু করা হবে কি না।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, এলাকার মানুষ সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দিয়েছে। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নজরে পড়ছে না।
ঠাকুরগাঁও বণিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বলেন, ঢাকার সঙ্গে সরাসরি আন্তনগর ট্রেন চালু হলে এ জেলার ব্যবসায়ীরা সহজে মালামাল পরিবহন করতে পারবেন, যা এলাকার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের মাস্টার মনসুর আলী বলেন, ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন চালুর কোনো সিদ্ধান্তের কথা তাঁর জানা নেই।
বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. নাজমূল ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁও থেকে সরাসরি ঢাকায় আন্তনগর ট্রেন চালুর বিষয়ে আপাতত কোনো সুখবর নেই। আমরা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। নতুন রেলপথ চালু করতে গেলে কয়েকটি ফ্যাক্টরের ওপর নির্ভর করে। পঞ্চগড় থেকে ঢাকা যেতে কমপক্ষে ১১ ঘণ্টা সময় লাগে। আবার ফিরতে ১১ ঘণ্টা লাগবে। অর্থাৎ যাতায়াতেই ২২ ঘণ্টা লেগে যাবে। ট্রেনের সার্ভিসিং সময় দেওয়া লাগে। এ সার্ভিসিং সময় দিতে গিয়ে এক দিনে ট্রেন ফেরত আসতে পারবে না। সে ক্ষেত্রে দুই প্রান্ত থেকে দুটি ইঞ্জিন চালাতে হবে অথবা একতা ও দ্রুতযানকে পঞ্চগড় থেকে চালু করতে হবে। এই সিদ্ধান্তে আবার আরেকটি ট্রেন দিতে হবে। এর বিকল্প হতে পারে একটি শাটল ট্রেন, যা যাত্রীদের পঞ্চগড়-ঠাকুরগাঁও থেকে তুলে নিয়ে দিনাজপুরে একতা বা দ্রুতযান ধরিয়ে দেবে। তবে রেলপথে কোনো প্রকার ঘাটতি নেই। কেবল সিদ্ধান্ত পেলেই ট্রেন চলাচল শুরু হবে।’
জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল বলেন, ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসন যোগাযোগ করে যাচ্ছে।
৬ মার্চ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম জাতীয় সংসদে ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন চালুর দাবি জানিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের সময় আমরা ঢাকার সঙ্গে ঠাকুরগাঁওয়ের সরাসরি ট্রেন চালুর অঙ্গীকার করেছিলাম। সেই অঙ্গীকার বাস্তবায়নের মাঠপর্যায়ের সব কাজ শেষ। এখন শুধু ট্রেন চলাচল উদ্বোধন বাকি। তাই এ এলাকার জনগণের যাতায়াতে সুবিধার জন্য দ্রুত রেল যোগাযোগ চালু করতে সংসদে দাবি জানিয়েছি।’
জানতে চাইলে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন ১০ মার্চ প্রথম আলোকে বলেন, ঢাকা-ঠাকুরগাঁও সরাসরি আন্তনগর ট্রেন চালুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এখন শুধু সময়ের ব্যাপার।