বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এখন যে পর্যায়ে পৌঁছেছে, বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হলেও তা অক্ষুণ্ন থাকবে বলে মন্তব্য করেছে ভারতের কূটনৈতিক সূত্রগুলো। সূত্রগুলো বলেছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের যোগাযোগ, জ্বালানি, বিদ্যুৎ ও অবকাঠামো সহযোগিতায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে।
এ মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের মূল্যায়ন করতে গিয়ে সূত্রগুলো গতকাল মঙ্গলবার এমন মন্তব্য করেছে।
বাংলাদেশে ক্ষমতার পালাবদল হলে দুই নিকট প্রতিবেশীর এখনকার ঘনিষ্ঠতা বজায় থাকবে কি না, জানতে চাইলে ভারতের দায়িত্বশীল একটি কূটনৈতিক সূত্র বলে, সম্পর্কের বর্তমান ধারা বজায় থাকবে। এই ঘনিষ্ঠতার সুফল পাবে দুই দেশের মানুষ।
সূত্রমতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফর যেকোনো বিবেচনায় ব্যতিক্রমী ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এই সফরে যে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, তার অধীনে বাংলাদেশ সাড়ে চার বিলিয়ন ডলার পাবে, যা দিয়ে বাংলাদেশের বন্দর, বিদ্যুৎ খাত, রেলওয়ে, সড়ক যোগাযোগ ও বিমানবন্দরের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করা হবে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০১৫-১৬ অর্থবছরে যার পরিমাণ ছিল ৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার। ভারতীয় বিনিয়োগকারীরা ইতিমধ্যে তিন বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য নিবন্ধন করেছেন। প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও মেডিকেল খাতের যন্ত্রপাতি আমদানিতেও ১০ বিলিয়ন ডলারের ১৩টি চুক্তি সই হয়েছে।
ভারতের কূটনৈতিক সূত্র মনে করে, প্রধানমন্ত্রীর সফরকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ইতিবাচক। কোনো একটি বিষয়ে মীমাংসা না হলেও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বন্ধ থাকতে পারে না।
প্রধানমন্ত্রীর সফরকালে বিবিআইএন সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে দাবি করে ওই সূত্র বলেছে, বাংলাদেশ ও ভুটানের মধ্যে যৌথ জলবিদ্যুৎ প্রকল্প তারই ধারাবাহিকতা। এই অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে সূত্র বলেছে, প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ নিয়ে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করছে। দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশনের শীর্ষ পর্যায়ের বৈঠক না হলেও কারিগরি পর্যায়ে বৈঠক হচ্ছে। দুই দেশের পানি বিশেষজ্ঞরা অন্য দেশ সফর করবেন।