ঢাকা-নবাবগঞ্জ সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ থেকে গুলিস্তান মাত্র ৩৩ কিলোমিটারের পথ। অথচ যাত্রীবাহী বাসগুলোর নবাবগঞ্জ থেকে গুলিস্তান যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগছে৷ সড়কজুড়ে খানাখন্দ থাকায় যানগুলো স্বাভাবিক গতিতে চলতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে৷ এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে৷
স্থানীয় বাসিন্দা এবং সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কটির কিছু অংশ তিন বছর আগে সংস্কারকাজ করা হয়। তবে নবাবগঞ্জ উপজেলার বক্সনগর থেকে খারশুর পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তায় কোনো সংস্কার হয়নি। ফলে রাস্তার এ অংশের বেশির ভাগ জায়গায় পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে৷ বর্ধনপাড়া, পাঠানকান্দা, কোমরগঞ্জ বাজার, ঋষিপাড়া, গাজীখালী, জয়নগর, আগলা বাজার ও আগলা পোস্ট অফিস থেকে খারশুর পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের প্রায় ২০ জায়গায় অবস্থা খুবই নাজুক৷
এদিকে কেরানীগঞ্জ অংশের রুহিতপুর বাজার থেকে জিনজিরা বেলতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। খানাখন্দে ভরা এ সড়কে দীর্ঘদিন ধরে সংস্কারকাজ হয়নি। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে৷
দীঘিরপারের বাসিন্দা কৃষক মো. মন্টু বলেন, বক্সনগর পুরোনো বাসস্ট্যান্ডের কাছে ইছামতী নদীর পাড় ঘেঁষে যাওয়া সড়কটির একটি অংশ নদীগর্ভে চলে গেছে। তাই এ সড়ক দিয়ে যান চলাচল করাটা খুবই ঝুঁকিপূর্ণ৷ যাত্রীরা ভয়ে ভয়ে যাতায়াত করছেন। যাত্রীবাহী গাড়ি নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর জরুরি কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানকে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে৷ তবে সওজ এ বিষয়টি আমলে নিচ্ছে না।
শুধু এলাকার মানুষ নন, পার্শ্ববর্তী দোহার ও ফরিদপুর জেলার হাজার হাজার মানুষ নবাবগঞ্জ দিয়ে ঢাকায় যাতায়াত করেন। এ ছাড়া অনেকেই রাজধানীতে সরকারি-বেসরকারি অফিসে চাকরি করছেন৷ তাঁরা বাড়ি থেকে প্রতিনিয়ত ঢাকায় গিয়ে অফিস করে থাকেন৷
নবাবগঞ্জের ব্যবসায়ী শাহ আলম বলেন, রাস্তায় গর্তের কারণে ধীরগতিতে বাস চলায় কখনো কখনো রাতে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খোয়াতে হয়। তিনি রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানান।
গাড়িচালক সালাহউদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে এ রাস্তায় গাড়ি চালান। ভাঙা রাস্তার গর্তে পড়ে গাড়ির ইঞ্জিন কয়েকবার বিকল হয়েছে৷ স্বাভাবিক গতিতে গাড়ি চালানো যায় না। ফলে এক ঘণ্টার রাস্তা পার হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লেগে যায়। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে৷
সড়ক ও জনপথ বিভাগের মুন্সিগঞ্জ রেঞ্জের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন বলেন, রাস্তাটি সংস্কার করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু ঠিকাদার নির্দিষ্ট সময়ে কাজ না ধরায় কার্যাদেশ বাতিল করা হয়েছে৷ পুনরায় দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।