ঢাকা-বরিশাল লঞ্চে আগাম কেবিন বরাদ্দ শুরু
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-বরিশাল পথে লঞ্চযাত্রীদের আগাম কেবিন বরাদ্দ শুরু হয়েছে। এ পথে চলাচলকারী এমভি সুরভী লঞ্চ কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে অন্য লঞ্চগুলো আগাম টিকিট বিক্রি করবে বলে জানা গেছে।
২৩ জুন থেকে ঢাকা-বরিশাল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথে ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।
সুরভী লঞ্চের বরিশাল কাউন্টারের দায়িত্বে থাকা রাকিব হোসেন বলেন, গতকাল থেকে আগাম বরাদ্দ শুরু হয়েছে। চলবে ৮ জুন পর্যন্ত। এরপর ১৩ জুন থেকে এসব বুকিংয়ের অনুকূলে টিকিট দেওয়া শুরু হবে। কেবল কেবিন ও চেয়ারের যাত্রীদের জন্য এই বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। গতকাল ২২, ২৩ ও ২৪ জুনের বুকিং পূর্ণ হয়ে গেছে। কাল (আজ) এর পরের দিনগুলোর বরাদ্দ দেওয়া হবে। যাচাই-বাছাই করে টিকিট দেওয়া হবে।
এই পথে চলাচলকারী কীর্তনখোলা লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন বলেন, তাঁরা আগাম টিকিট বিক্রি শুরু করবেন ১০ জুন থেকে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেওয়া হবে।
এ ছাড়া ১৫ জুন থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) স্টিমারের কেবিন বুকিং কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিআইডব্লিউটিসির বরিশালের সহমহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, ঈদের এক সপ্তাহ আগে বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার সার্ভিস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
লঞ্চমালিক ও বিআইডব্লিউটিসির সূত্র জানায়, এবার ঈদে ঢাকা-বরিশাল পথে দিনের তিনটিসহ মোট ২০টি লঞ্চ ও ছয়টি স্টিমার চলাচল করার কথা রয়েছে। ২৩ জুন থেকে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু হবে। বিআইডব্লিউটিসি ও বেসরকারি মালিকানাধীন ১০-১২টি কোম্পানি অভ্যন্তরীণ বিভিন্ন পথে এ সার্ভিস পরিচালনা করবে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, যাত্রীদের ভোগান্তি, হয়রানি ও দুর্ঘটনা লাঘবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সদরঘাটের নিয়মিত যাত্রী ছাউনির পাশাপাশি ঘাটের চতুর্থ তলায় যাত্রীদের বিশেষ সুবিধার জন্য ১৪ হাজার ৫০০ বর্গফুট আয়তনের আরও একটি কক্ষ প্রস্তুত করা হচ্ছে। সেখানে কয়েক হাজার যাত্রী অবস্থান করতে পারবেন। সদরঘাটের নিয়মিত ২৪টি পন্টুনের সঙ্গে আরও দুটি পন্টুন বাড়ানো হচ্ছে। এ বছর সদরঘাট থেকে ১০-১২টি লঞ্চের বিশেষ সার্ভিস চালু থাকবে। ২৩ জুন থেকে এগুলো শুরু হবে, যা ঈদের পরবর্তী ১০ দিন পর্যন্ত চালু থাকবে। এ ছাড়া লঞ্চঘাটের সার্বিক নিরাপত্তায় ঘাটে পর্যাপ্ত সিসি টিভি ক্যামেরা স্থাপন, আনসার, পুলিশ ও র্যাবের সার্বক্ষণিক টহল ও নজরদারি থাকবে। অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ যাতে ঘাট ত্যাগ করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। পাশাপাশি লঞ্চগুলো যাত্রীদের জিম্মি করে যাতে অতিরিক্ত ভাড়া তুলতে না পারে, সে জন্য কঠোর নজরদারি থাকবে।
এ সম্পর্কে বিআইডব্লিউটিসির যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ‘এবার ঈদে ঘরমুখো যাত্রীদের হয়রানি ও ভোগান্তি লাঘবে আমরা বেশ কিছু আগাম সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, এবার কোনো রকম ভোগান্তি ছাড়াই যাত্রীরা নিজ গন্তব্যে পৌঁছে নির্বিঘ্নে ঈদ উদ্যাপন করতে পারবেন।’