ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে হয়রানির অভিযোগে গতকাল বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার চারমাথা ও মাটিডালি এলাকায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়েছে। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এই অবরোধ করেন।
মোটর শ্রমিকেরা অভিযোগ করেন, কয়েক দিন ধরে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার মোকামতলায় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র থাকার পরও ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন যানবাহনকে জরিমানা এবং শ্রমিকদের হয়রানি করেন। এর প্রতিবাদে তাঁরা গতকাল মহাসড়ক অবরোধ করেন।
বেলা তিনটার দিকে মাটিডালি এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাসসহ কয়েক শ যানবাহন আটকা পড়েছে।
আট-নয়জন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমে চারমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের যানবাহনগুলো দ্বিতীয় বাইপাস সড়ক হয়ে চলাচল শুরু করে। খবর পেয়ে শ্রমিকেরা মাটিডালি বিমানমোড় এলাকায় অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। অবরোধের খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহিম ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের আশ্বস্ত করলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এর কিছুক্ষণ পর যানবাহন চলাচল শুরু হয়।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল অভিযোগ করেন, মঙ্গলবার মোকামতলার ওই অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জের ইউএনও বেশ কিছু যানবাহনের কাগজপত্র থাকার পরও অযাচিতভাবে জরিমানা করেন। শ্রমিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেন। একজন বাসচালকের বৈধ লাইসেন্সকে অবৈধ দাবি করে সেটি নষ্ট করে ফেলেন। এর প্রতিবাদে গতকাল মহাসড়ক অবরোধ করা হয়। প্রশাসন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়।
তবে শিবগঞ্জের ইউএনও রবিউল ইসলাম বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবেই মোকামতলায় ওই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত কোনো কাগজপত্র তল্লাশি করে না, তল্লাশি করে আদালতে অংশ নেওয়া পুলিশ ও বিআরটিএর কর্মকর্তারা। কাগজপত্র না থাকলে অপরাধের ধরন অনুযায়ী তাঁরাই মোটরযান অধ্যাদেশের ধারায় অভিযোগ আনেন। অপরাধের ধরন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে থাকেন। আদালতে কাউকে অযাচিতভাবে হয়রানি করার সুযোগ নেই। তা ছাড়া চালকের লাইসেন্স পরীক্ষা করে পুলিশ। কোনো চালকের লাইসেন্স ভেঙে ফেলার অভিযোগ ভিত্তিহীন।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক কোনো চালকের ড্রাইভিং লাইসেন্স নষ্ট করে ফেলবেন, এটা বিশ্বাসযোগ্য নয়। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযান ব্যাহত করতে কেউ এ ধরনের অভিযোগ আনছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।