ঢাকের বাদ্য সিঁদুর উৎসবে শেষ দুর্গাপূজা

অবিরাম ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনির মধ্যে চলছে সিঁদুর উৎসব। আয়স্থ (সধবা) হিন্দু নারীদের ভিড় উপচে পড়ছে মণ্ডপে। দেবী দুর্গার চরণে ভক্তি নিবেদন শেষে তাঁরা একে অন্যকে সিঁদুর পরাচ্ছেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলায় তখন হাসি-উচ্ছলতায় ভরা আনন্দঘন পরিবেশ, অথচ এর মধ্যেও যেন বিষাদের সুর বাজছে। কারণ, মা দুর্গা যে চলে যাচ্ছেন।
শুভ বিজয়া দশমী তিথিতে দেবী দুর্গাকে বিদায় জানানোর ও সিঁদুর উৎসবের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহালয়ার দিন ঘোড়ায় চেপে সন্তানদের নিয়ে মর্ত্যের দিকে যাত্রা করেছিলেন মা দুর্গা। চার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে নিয়ে পাঁচ দিন মর্ত্যে ভক্তদের মধ্যে কাটালেন, পূজা নিলেন। আর গতকাল দোলায় চেপে সন্তানদের নিয়ে আবার কৈলাসধামে ফিরে গেলেন স্বামীগৃহে। বিজয়া দশমী তাই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যেমন এক বাঁধভাঙা উৎসবের দিন, তেমনি একধরনের মন খারাপ করা দিনও।
পঞ্জিকা অনুসারে এ বছর মহানবমী ও বিজয়া দশমী তিথি পড়েছিল একই দিনে। মণ্ডপগুলোতে তাই পূজারিদের দম ফেলার ফুরসত ছিল না। গতকাল সকাল ৭টা ৩৩ মিনিটের মধ্যে মহানবমী তিথির লগ্ন শেষ হয়ে যায়। এর আগেই শেষ করতে হয় মহানবমী বিহিত পূজা। এর পরপরই শুরু হয় দশমী বিহিত পূজার লগ্ন। এ সময় ষোড়শ উপাচারে দুর্গতিনাশিনীর পূজা করা হয়।
দশমী তিথির শেষ সময় সকাল ৯টা ৫৭ মিনিটের আগে শেষ করা হয় দুর্গাপূজার সবশেষ আনুষ্ঠানিকতা, দর্পণ বিসর্জন। দেবী দুর্গার সামনে একটি জলভর্তি পাত্রে আয়না রেখে তাতে মায়ের প্রতিচ্ছবি আনা হয়। আর এর মধ্য দিয়েই শেষ হয় শাস্ত্রমতে পূজার আনুষ্ঠানিকতা।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত রণজিৎ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ‘মা দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন ও দোলায় চড়ে গমন অশুভ শক্তির ইঙ্গিত দেয়। তাই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা প্রার্থনা করেছি, তিনি যেন জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মঙ্গল করেন। যুগে যুগে অসুর বধ করার জন্য তিনি যেভাবে আসেন, আমাদের এবারের প্রার্থনাও তিনি সেভাবে গ্রহণ করবেন, এটাই আমাদের আশা।’
দর্পণ বিসর্জনের পর ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয় সিঁদুর উৎসব। আয়স্থ হিন্দু নারীরা মায়ের পায়ে সিঁদুর দিয়ে তাঁদের ভক্তি জানান। এরপর মেতে ওঠেন সিঁদুরখেলা আর মিষ্টিমুখ করানোর উৎসবে। মন্দির প্রাঙ্গণে তখন বাঁধভাঙা আনন্দ।
দুপুর নাগাদ জনসমাগম বাড়তে থাকে ঢাকেশ্বরী মন্দিরে। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেবীমূর্তির সামনে মুঠোফোনে সেলফি তুলতেও দেখা গেল অনেককে। দশমী পূজা শেষ হওয়ার পর সবাই ব্যস্ত হয়ে পড়েন প্রসাদ নিতে।
শাস্ত্র অনুসারে দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলেও প্রতিমা বিসর্জন হচ্ছে আজ শুক্রবার। মহানবমী ও বিজয়া দশমী তিথি একই দিনে হওয়ায় ভক্ত ও দর্শনার্থীরা যেন প্রতিমা দর্শনে বঞ্চিত না হন, এ জন্য পূজা উদ্যাপন পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত নারায়ণ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, শুক্রবার বেলা তিনটার দিকে মন্দির থেকে জাতীয় বিজয়া দশমীর শোভাযাত্রা পুরান ঢাকার ওয়াইজঘাটে যাবে। সেখানে প্রতিমা বিসর্জন শেষে মন্দিরে শান্তির জল নিয়ে আসা হবে এবং সন্ধ্যামণ্ডপে আশীর্বাদ দেওয়া হবে।
ঢাকেশ্বরী মন্দিরের মতো রাজধানীর অন্য মণ্ডপগুলো এবং সারা দেশে একইভাবে গতকাল দুর্গাপূজার সব শাস্ত্রীয় আচার শেষ হয়েছে। এ বছর সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা বেশি ছিল। মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানের জন্য রাজধানীতে ২২৫টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে।
নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে কোনো অঘটন ছাড়াই উৎসবমুখর পরিবেশে রাজধানীতে দুর্গাপূজা হয়। এ বছর সারা দেশেও পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। গত বছরের চেয়ে ৬৮৭টি বেড়ে এবার সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছে।
১২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু হয়েছিল। এরপর ১৯ অক্টোবর ষষ্ঠী, ২০ অক্টোবর মহাসপ্তমী ও ২১ অক্টোবর মহাষ্টমী পূজা হয়। মহাষ্টমীর দিন রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে অনুষ্ঠিত হয় ‘কুমারীপূজা’।