ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন মোদির

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে যান ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। এর মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কার্যসূচি শুরু করেছেন মোদি।
এরপর মোদি যাবেন রামকৃষ্ণ মিশনে। সেখান থেকে তাঁর পরবর্তী গন্তব্য বারিধারা কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি। সেখানে তিনি চ্যান্সেরির উদ্বোধন করবেন।
দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন মোদি। পরে রাষ্ট্রপতির কাছ থেকে বাজপেয়ির পক্ষে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ গ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্ন ভোজ সারবেন তিনি।
বিকেলে মোদির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে জনবক্তৃতা দেবেন। বক্তৃতা অনুষ্ঠান শেষে সরাসরি বিমানবন্দরে গিয়ে দিল্লির পথে যাত্রা করবেন ভারতের প্রধানমন্ত্রী।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে মোদি প্রথমবারের মতো গতকাল শনিবার বাংলাদেশে আসেন।