ঢাকেশ্বরী মন্দিরে অলংকার চুরির ঘটনায় গ্রেপ্তার ১
ঢাকেশ্বরী মন্দির থেকে প্রতিমার ২০০ ভরি স্বর্ণালংকার চুরির প্রতিবাদে মূল প্রতিমায় পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগর পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। ওই দুটি কমিটির নেতারা জানান, গত রোববার রাতে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অন্যদিকে, অলংকার চুরির ঘটনায় চকবাজার থানা পুলিশ মন্দিরের নিরাপত্তাপ্রহরী আনিসকে গ্রেপ্তার করে গতকাল সোমবার ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে। মহানগর হাকিম এ জি এম আল মাসুদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গতকাল ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত মন্দিরের তালা ভেঙে দেবীর প্রতিমার গায়ে অলংকৃত ২০০ ভরি সোনার গয়না, দুটি প্রণামী বাক্স থেকে সাড়ে চার লাখ টাকা এবং কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। গত রোববার সকালে মহানগর পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা এই ঘটনায় বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে চকবাজার থানায় একটি মামলা করেন।প্রতিবাদ সভা ও কর্মসূচি: গতকাল সোমবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে চুরির সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও ভক্ত-সমাবেশ করেছে মহানগর পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। বীরেশ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রতিবাদ সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, তাপস কুমার পাল, নির্মল চ্যাটার্জি প্রমুখ বক্তব্য দেন। সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, যারাই এই ঘটনা ঘটিয়েছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।প্রতিবাদ সভা থেকে কাল (১২ জানুয়ারি বুধবার) সারা দেশে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। সারা দেশে একই সময়ে এই কর্মসূচি পালন করা হবে। ঢাকায় ওই কর্মসূচি অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবের সামনে।পূজা বন্ধ: জাতীয় মন্দিরে পূজা বন্ধ রাখা প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, প্রতিমার অলংকার চুরির প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন মন্দিরের বারান্দায় ছবি স্থাপন করে সেখানে পূজা অনুষ্ঠিত হচ্ছে। নেতাদের মন্দির পরিদর্শন: গতকাল ঢাকার মেয়র সাদেক হোসেন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা গৌতম চক্রবর্তী, নিতায় রায় চৌধুরী প্রমুখ মন্দির পরিদর্শন করেন। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এতই অবনতি হয়েছে যে ঢাকেশ্বরী মন্দিরের অলংকারও চুরি হচ্ছে। অলংকার চুরির মামলার অগ্রগতি জানতে চাইলে গতকাল চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ফোনে কোনো কথা বলতে চাননি।