ঢাকেশ্বরীতে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত
শারদীয় দুর্গোৎসব-উত্তর বিজয়া সম্মেলনে আলোচকেরা বলেছেন, অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তি প্রতিষ্ঠা করাই বিজয়ার পথনির্দেশ। এই পথেই শান্তিকামী মানুষকে এগিয়ে যেতে হবে। গতকাল শুক্রবার মহানগর সর্বজনীন পূজা কমিটি রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। এ দেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না। যেকোনো ধরনের সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ সরকার কঠোরভাবে দমন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ, সাংসদ হাজি মো. সেলিম, পংকজ নাথ, মনোরঞ্জন শীল গোপাল। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়েত প্রদীপ চক্রবর্তী। আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব। বিজ্ঞপ্তি।