ঢাবি উপাচার্যের সঙ্গে সেলফি তোলার চেষ্টা, আটক দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে হলে ঢুকে উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে সেলফি তোলার চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীর দুই স্বজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছিল৷ তবে সন্দেহজনক কিছু না পাওয়ায় পরে পুলিশ তাঁদের ছেড়ে দিয়েছে৷
ক ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে উপাচার্য মো. আখতারুজ্জামান ক্যাম্পাসের কার্জন হল কেন্দ্র পরিদর্শনে গেলে তাঁর সঙ্গে ওই দুজন হলের ভেতর ঢুকে ছবি তোলেন ও উপাচার্যের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, আজ বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান কার্জন হল কেন্দ্র পরিদর্শনে গেলে সালিম সাদমান ও মাশরাফি নামের দুই ব্যক্তি পরীক্ষার হলে ঢুকে পড়েন৷ তাঁরা হলে পরীক্ষার্থীদের ছবি তোলার পাশাপাশি উপাচার্যের সঙ্গেও সেলফি তোলার চেষ্টা করেন৷ তখন বহিরাগত ওই দুই ব্যক্তির হাত থেকে মুঠোফোন নিয়ে নেওয়া হয় এবং তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়৷
জানা গেছে, সালিম সাদমানের ছোট ভাই ক ইউনিটের পরীক্ষার্থী ছিলেন৷ ছোট ভাইকে নিয়ে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন৷ উপাচার্যের সঙ্গে সেলফি তুলতে পরীক্ষার হলে ঢুকেছিলেন বলে সাংবাদিকদের জানান সালিম৷
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজ রাত ৮টার দিকে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে সন্দেহজনক কিছু না পাওয়ায় সালিম ও মাশরাফিকে ছেড়ে দেওয়া হয়েছে৷
‘সাংবাদিকদের টাকা দেওয়ার প্রস্তাব’
আজ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা হয়৷ পরীক্ষা হয়েছে দেশের আটটি বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে৷ ঢাকা বিভাগের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে৷
সোয়া ১১টার দিকে উপাচার্য কার্জন হল কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷ উপাচার্যের ব্রিফিং শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার (রিপোর্টিং) শুভাশীষ রঞ্জন সরকার উপস্থিত টেলিভিশন সাংবাদিকদের খামে করে টাকা দেওয়ার প্রস্তাব করেন৷ তবে সাংবাদিকেরা সেই টাকা গ্রহণ করেননি৷ এমন প্রস্তাবে সাংবাদিকদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন।
জানতে চাইলে শুভাশীষ রঞ্জন সরকার প্রথম আলোকে বলেন, ডিন কার্যালয় থেকে একজন স্যার আমাকে বলেছিলেন, ‘সাংবাদিকদের তো আমরা কোনো চা-নাশতা করাতে পারিনি৷ একটা অনারিয়াম (সম্মানী) ছিল৷ এটা দেওয়ার ব্যবস্থা করলে ভালো হতো৷ ডিন কার্যালয় থেকে দেওয়া ১০টি খাম নিয়ে আমি যখন সাংবাদিকদের দিতে গেলাম, তখন তাঁদের কেউ তা নেননি৷ পরে আমি সেগুলো ফেরত দিয়ে দিয়েছি৷’ তবে সেই ‘স্যারের’ নাম বলতে চাননি শুভাশীষ৷
ক ইউনিটের এবারের পরীক্ষার সমন্বয়ের দায়িত্বে ছিল ফার্মাসি অনুষদ৷ এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিক কল করা হলেও সাড়া দেননি এই অনুষদের ডিন সীতেশ চন্দ্র বাছার৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘সাধারণত আমাদের কেউ এ ধরনের কাজ করে না৷ অপ্রাসঙ্গিক বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানের সঙ্গে যায় না, এমন কাজ যেন আমরা কেউ না করি, সেটাই কাম্য৷’