ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন ৩০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সম্মেলন করেছিল ছাত্রলীগ
ফাইল ছবি

দীর্ঘ প্রায় ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ৩০ জানুয়ারি ১৮টি আবাসিক হলের এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার দিবাগত রাতে টিএসএসিতে হল কমিটির পদপ্রত্যাশী নেতাদের তোপের মুখে পড়েন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এর দুদিন পরই সম্মেলনের ওই তারিখ ঘোষণা করা হলো।

সর্বশেষ ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সম্মেলন করেছিল ছাত্রলীগ৷ ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা কারণে তা আটকে ছিল। সম্প্রতি কয়েক দফায় তারিখ নির্ধারণ করা হলেও শীর্ষ নেতাদের সমন্বয়হীনতায় শেষ পর্যন্ত সম্মেলন হয়নি।

আল নাহিয়ান খান শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলনের তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের দুই-তিন দিন পরই ঘোষণা করা হতে পারে হল কমিটি৷

পরে রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ৩০ জানুয়ারি হল শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলনের তারিখ ঘোষণা করেন।

২০১৮ সালের ৩১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সনজিত চন্দ্র দাস ও সাদ্দাম হোসেন৷ একই সময়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী ও গোলাম রাব্বানী৷ নৈতিক স্খলনসহ নানা অভিযোগে ২০১৯ সালের শেষে রেজওয়ানুল ও রাব্বানী ছাত্রলীগের পদ হারান। পরে দায়িত্ব পান আল নাহিয়ান ও লেখক ভট্টাচার্য।

রেজওয়ানুল-রাব্বানী ও আল নাহিয়ান-লেখকের দীর্ঘ মেয়াদেও হয়নি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হল কমিটি৷