ঢাবি শিক্ষকদের দুই পদে পদোন্নতিতে লাগবে পিএইচডি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি পেতে পিএইচডি বাধ্যতামূলক করা হচ্ছে। ২০২৩ সালের জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া আসন্ন ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আসন ১ হাজার ৪০টি কমিয়ে ৬ হাজার ৮৫টি করা হচ্ছে।
আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) এক সভায় এসব সিদ্ধান্ত হয়। উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা হয়।
কমছে আসন
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ৭ হাজার ১২৫ শিক্ষার্থী ভর্তি করা হয়। অবকাঠামোর ওপর অতিরিক্ত শিক্ষার্থীর চাপ বিবেচনায় নিয়ে সম্প্রতি আসন কমানোর উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্যোগ বাস্তবায়নে অনুষদ ও বিভাগগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, অনুষদগুলোর পক্ষ থেকে প্রস্তাবিত আসনসংখ্যা ছিল ৬ হাজার ৭৭৩। পরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি আসনসংখ্যা ৬ হাজার ১১০ করার সুপারিশ করে। এরপর সাধারণ ভর্তি কমিটি আসনসংখ্যা ৬ হাজার ৮৫ করার সুপারিশ করে। ভর্তি কমিটির সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিলে ৬ হাজার ৮৫টি আসন অনুমোদিত হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকেই এটি কার্যকর হবে।
সান্ধ্য কোর্সের বিধিমালা অনুমোদন
২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় বিশ্ববিদ্যালয়ে চলমান সান্ধ্য কোর্সসহ অনিয়মিত সব কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়। একই সঙ্গে সান্ধ্য কোর্স পরিচালনার সময়োপযোগী বিধিমালা প্রণয়ন করতে একটি কমিটিও করা হয় সেদিন।
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ওই কমিটির কার্যক্রম বন্ধ ছিল। আজ একাডেমিক কাউন্সিলে ওই কমিটির তৈরি করা একটি বিধিমালা উপস্থাপন করা হয়। পরে তা অনুমোদিত হয়েছে। তবে সেটি হবে ‘সামান্য সংশোধন সাপেক্ষে’।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ প্রথম আলোকে বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, সান্ধ্য কোর্সের নাম হবে অনিয়মিত প্রোগ্রাম। কোনো বিভাগ একের অধিক অনিয়মিত প্রোগ্রাম খুলতে পারবে না, এমন কিছু নিয়ম রয়েছে সেখানে।
সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, অনিয়মিত প্রোগ্রামগুলোর বিষয়ে একটি বিধিমালা সামান্য সংশোধন সাপেক্ষে অনুমোদিত হয়েছে।