ঢাবিতে ডোপ টেস্ট: কেউ বলছেন দরকারি, কেউ ব্যক্তিস্বাধীনতাবিরোধী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনার যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রনেতাদের কাছ থেকে এ প্রতিক্রিয়া পাওয়া গেছে।
গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক নিয়মিত সভা থেকে ডোপ টেস্টের নীতিমালা তৈরির জন্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ (সিন্ডিকেট সদস্য) টিটো মিঞাকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়। সাত সদস্যের এ কমিটির প্রথম সভা ৭ সেপ্টেম্বর হওয়ার কথা।
টিটো মিঞা জানান, এ ব্যবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও প্রতিবছর নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট করা হবে। এ ছাড়া পর্যায়ক্রমে প্রতিটি বর্ষের শিক্ষার্থীদের একবার ডোপ টেস্ট করা যেতে পারে।
গত রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বছরে একবার ডোপ টেস্টের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়েও ডোপ টেস্টের তাগিদ দেওয়া হয়। তারপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডোপ টেস্টের নীতিগত সিদ্ধান্ত আসে।
ডোপ টেস্টের এ সিদ্ধান্তকে ‘দরকারি’ বলে মনে করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ডোপ টেস্টের সিদ্ধান্তটি আমার কাছে ভালো বা যৌক্তিক মনে হয়নি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির সঙ্গে এটি যায় না। এ সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরে আসবে বলে আমি মনে করি। সরকারের সব সিদ্ধান্ত হুবহু গ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন কোথায় থাকে?’
অন্যদিকে, আওয়ামী লীগপন্থী নীল দলের আহ্বায়ক আবদুস ছামাদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে নীল দলের প্যানেল থেকে নির্বাচিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ডোপ টেস্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিশ্বের অন্যান্য জায়গায়ও যেখানে ডোপ টেস্ট করা হয়, সেখানে বাংলাদেশে তা করতে অসুবিধা কোথায়? আমরা মনে করি, এটা হওয়া উচিত। তাহলে আমরা সবাই সচেতন থাকব।’
ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ছাত্রদল এই সিদ্ধান্তকে সমর্থন করলেও ছাত্রলীগ মাদক নির্মূলে ‘সৃজনশীল সামাজিক কর্মসূচির’ ওপর জোর দিচ্ছে। বামপন্থী ছাত্রনেতারা একে বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘নিপীড়নমূলক সিদ্ধান্ত’।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখা ও মাদক নির্মূলের জন্য সম্মিলিত সামাজিক আন্দোলনের পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে এমন কোনো প্রশাসনিক কর্মসূচি গ্রহণ করা উচিত নয়, যা তরুণদের ব্যক্তিস্বাধীনতা ও শিক্ষার্থীদের মর্যাদা বোধকে আহত করে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলগুলো মাদকের অভয়ারণ্যে পরিণত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সে ক্ষেত্রে ডোপ টেস্টের বিষয়টি নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীই মেধাবী। কিন্তু ক্যাম্পাসে এসে পারিপার্শ্বিক পরিবেশ-পরিস্থিতির কারণে কিছুসংখ্যক শিক্ষার্থী নেশার পথে পা বাড়ান।
বাম ধারার তিনটি ছাত্রসংগঠনের মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘সর্বনাশা মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাদক নির্মূলের নামে যে ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে, এটা কোনো বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক পদ্ধতি নয়। এ পদ্ধতি কোনো কাজে আসবে না। বরং প্রশাসন একে ব্যবহার করবে বিপক্ষ মতের শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানি ও গণতান্ত্রিক আন্দোলন দমনের কাজে। এটি নিঃসন্দেহে প্রশাসনের নিপীড়নমূলক সিদ্ধান্ত।’
ডোপ টেস্ট: কমিটিতে যাঁরা আছেন
ডোপ টেস্টের নীতিমালা তৈরির জন্য গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. রহমত উল্লাহ, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মিহির লাল সাহা, ফার্মেসি অনুষদের ভারপ্রাপ্ত ডিন এস এম আবদুর রহমান, চিকিৎসা অনুষদের ডিন শাহরিয়ার নবী, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান জোবেদা খাতুন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা সারওয়ার জাহান।
এত শিক্ষার্থীর ডোপ টেস্ট কঠিন
কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা সারওয়ার জাহান প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন প্রতিবছর স্নাতক (সম্মান) প্রথম বর্ষে সাত হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি হন। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীদের জন্য ডোপ টেস্টের ব্যবস্থা করা কঠিন। তারপর আবার পর্যায়ক্রমে প্রতিটি বর্ষের শিক্ষার্থীদের (৪০ হাজারের বেশি) জন্য ডোপ টেস্টের ব্যবস্থা করতে হবে। এ কাজ কীভাবে হবে, সে জন্য কমিটি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিয়োগের সময়ও ডোপ টেস্ট করার পরিকল্পনা আছে।