ঢাবিতে 'থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স' কোর্সে ভর্তি চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ পরিচালিত এক বছর মেয়াদি ‘থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স’ কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস অথবা সমমানের ডিগ্রি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
২০১৭ সালে ‘থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স’ সার্টিফিকেট কোর্স চালু করা হয়। এ জন্য একটি অ্যানিমেশন ল্যাবও প্রতিষ্ঠা করা হয়েছে। এতে সহায়তা দিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। অ্যানিমেশন ল্যাবে উচ্চক্ষমতাসম্পন্ন ২০টি ডেস্কটপ কম্পিউটার এবং ১০টি ওয়াকম পেন ট্যাবলেট রয়েছে। শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় এ ল্যাবেই। পাশাপাশি শিক্ষার্থীরা তাঁদের দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলনেরও সুযোগ পান।
দুজন প্রশিক্ষক এ কোর্স পরিচালনার করছেন। প্রশিক্ষকদের একজন আবদুল্লাহ সরফরাজ ইয়াসিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইটিই বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউডের স্কুল অব ভিজুয়াল ইফেক্টস থেকে অ্যানিমেশন ও ভিএফএক্স বিষয়ে পড়াশোনা করেন। আরেকজন প্রশিক্ষক হলেন অনিন্দ্য মকসুদ মালয়েশিয়ার মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিমেশন ও ভিজুয়াল ইফেক্টস বিষয়ে স্নাতক শেষ করেন। পরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অ্যানিমেশন মেন্টর থেকে ক্যারেক্টার অ্যানিমেশনে প্রশংসাপত্র অর্জন করেন।
‘থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স’ সার্টিফিকেট কোর্সে অ্যানিমেশন ল্যাব তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন ঢাবির সিএসই বিভাগের অধ্যাপক উপমা কবির। কোর্স বিষয়ে তিনি বলেন, ‘দেশে অ্যানিমেশন শিল্পে দক্ষ জনবলের বেশ অভাব রয়েছে। তবে কর্মক্ষেত্রে এ চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। এ জন্য কোর্সটি চালুর উদ্যোগ নেওয়া হয়। কোর্স পরিচালনার ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পাঠ্যক্রম তৈরি করেছি। ইন্ডাস্ট্রির চাহিদা ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পাঠ্যক্রমটি নিয়মিত পরিবর্তন ও পরিমার্জন করা হয়।’