ঢাবির উন্নয়ন অধ্যয়নের শিক্ষার্থীরা ছিন্নমূলদের পাশে

করোনাভাইরাস আজ পুরো পৃথিবীর কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম। ১৩ মে পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৮ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা আড়াই শরও বেশি। করোনার কারণে চরম দুর্দশায় পড়েছেন খেটে খাওয়া মানুষেরা, যাঁরা কিনা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। একই সঙ্গে ভুক্তভোগীদের একটি বড় অংশ হচ্ছে সমাজের ছিন্নমূল শিশুরা, যারা অধিকাংশই অপুষ্টিতে ভুগছে।
বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট মাথায় রেখে ব্র্যাকের করা একটি সার্ভে রিপোর্ট অনুসারে, করোনা-পরবর্তী সময়ে চরম দারিদ্র্য আগের তুলনায় ৬০ ভাগ বৃদ্ধি পেয়েছে, যেখানে ১৪ শতাংশ মানুষের ঘরে কোনো খাবারই নেই। ৫১ শতাংশ রিকশাচালক, ৫৮ শতাংশ কারখানাশ্রমিক, ৬৬ শতাংশ হোটেল কর্মচারী, ৬২ শতাংশ দিনমজুর (যাঁরা কৃষি খাত ছাড়া অন্যান্য খাতে নিয়োজিত ছিলেন); তাঁদের উপার্জন প্রায় শূন্যে নেমে এসেছে (২০২০, ব্র্যাক)।

এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের কিছু সাবেক ও বর্তমান শিক্ষার্থী এগিয়ে এসেছেন আর্তমানবতার সাহায্যে। ‘ছিন্নমূলদের পাশে আমরা (Standing Up for The Underprivileged)’—এই ক্যাম্পেইনের মাধ্যমে গত ২৫-৩০ মার্চ তহবিল সংগ্রহ করে রাজধানীর ডেমরা, বাসাবো, কমলাপুর, পল্টন, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কাঁটাবন ও নীলক্ষেত এলাকায় স্বেচ্ছাসেবকদের সহায়তায় পথশিশুদের হাতে ২২০টি প্যাকেট (২৩৮ টাকা করে) ও জেনেভা ক্যাম্পের শিশুদের হাতে ২৬টি প্যাকেট (৬৫০ টাকা করে) প্রয়োজনীয় খাদ্যসহায়তা ও ওষধ সামগ্রী বিতরণের কাজ করেছেন তাঁরা।

প্রথম দফার সেই ক্যাম্পেইনে ব্যাপক সাড়া পেয়ে, গত ১৫ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম, দিনাজপুর, বান্দরবান, সিলেট ও বরিশালের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ১৫০টি পরিবারের কাছে। দেশ ও দেশের বাইরে থেকে আসা আর্থিক অনুদানের সাহায্যে ইতিমধ্যে বরিশালের ভোলা, সিলেটের সুনামগঞ্জ, কুড়িগ্রামের নাগেশ্বরী ও হাসনাবাদ উপজেলা, দিনাজপুর সদর, বিরল, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা এবং পঞ্চগড়ের বোদা উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খাদ্যসহায়তা পৌঁছে গেছে।
ক্যাম্পেইনের মূল উদ্যোক্তা জাতিসংঘের উন্নয়ন প্রকল্পে (ইউএনডিপি) কর্মরত উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক ছাত্রী লামিয়া মোহসীন জানান, সামনে আরও বড় পরিসরে কাজ অব্যাহত রাখতে সবার সহযোগিতা আশা করছেন তাঁরা।
https://www.facebook.com/events/696731911101966/ https://www.facebook.com/events/148493719799844 বিস্তারিত পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।