ঢাবির কিছু বিভাগে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা চলছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইনে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা চলছে। কিছু বিভাগ-ইনস্টিটিউট অনলাইনে পরীক্ষার তারিখও ঘোষণা করেছে। তবে বেশির ভাগ বিভাগই শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি। কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের সম্মতি থাকা সাপেক্ষে বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া হচ্ছে।
গত জুনে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ নামের একটি সংগঠনের করা জরিপে উঠে এসেছে যে অনলাইন ক্লাস নিয়ে বিশ্ববিদ্যালয়টির ৪৬ শতাংশের বেশি শিক্ষার্থী অসন্তুষ্ট আর ৪৫ শতাংশ শিক্ষার্থী অনলাইনে চূড়ান্ত পরীক্ষা দিতে অনাগ্রহী। এ জন্য নেটওয়ার্কের সমস্যা, ডিভাইসের অপর্যাপ্ততা বা ত্রুটি থাকা এবং বাড়ির প্রতিকূল পরিবেশের কথা বলেছেন বেশির ভাগ শিক্ষার্থী। ৩ হাজার ৭৩০ শিক্ষার্থী এই জরিপে অংশ নেন। এমন বাস্তবতার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া হচ্ছে।
করোনা পরিস্থিতির কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, বন্ধ আছে আবাসিক হলগুলোও। এর মধ্যেই কিছু বিভাগ-ইনস্টিটিউট পরীক্ষা নেওয়া শুরু করেছে। এগুলোর মধ্যে আছে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল, ফার্মেসি, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, উন্নয়ন অধ্যয়ন ও অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট ইত্যাদি। এ ছাড়া আইন বিভাগে অনলাইনে পরীক্ষা শুরু হবে ৮ আগস্ট থেকে। এর বাইরে ৮৪টি বিভাগ ও ১২টি ইনস্টিটিউটের বেশির ভাগই এখনো পরীক্ষার বিষয়ে সুস্পষ্ট কিছু জানায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগ-ইনস্টিটিউটে পরীক্ষা অবশিষ্ট আছে, সেগুলোর কোনো কোনোটি অনলাইনে পরীক্ষা নিচ্ছে, কেউ কেউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ৷ যেখানে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা অবশিষ্ট আছে, সেখানে সেই পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। অবশিষ্ট পরীক্ষা না থাকলে বিভাগ সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে জানালে সেই অনুযায়ী পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
অনলাইন পরীক্ষার সমস্যা বা সীমাবদ্ধতা নিয়ে মাকসুদ কামাল বলেন, ‘কোথাও কোথাও সমস্যা আছে। বিশেষ করে, শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড অথবা রেজিস্ট্রার ভবন থেকে ফি পরিশোধের ক্লিয়ারেন্স ইত্যাদি ক্ষেত্রে কিছু অসুবিধা আছে।
এগুলো আমরা সমাধান করছি। অনলাইন পরীক্ষার প্রক্রিয়াটি এখনো অত মসৃণ নয়। ওয়ান–স্টপ সল্যুশন হিসেবে একটি সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। সেখানেও কিছু সমস্যা আছে। কিন্তু জানামাত্র তাৎক্ষণিকভাবেই আমরা সেসব সমাধান করছি।
যেসব বিভাগ-ইনস্টিটিউটে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের সম্মতি আছে, সেখানেই শুধু পরীক্ষা নেওয়া হচ্ছে।’