ঢাবির ঘ ইউনিট বাতিল প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু থেকেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট বাদ দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে চারটি ইউনিটের (ক, খ, গ ও চ) অধীন ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এ সিদ্ধান্তের প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল।
উচ্চমাধ্যমিকের বিভাগ পরিবর্তন করে উচ্চশিক্ষা নিতে চাওয়া শিক্ষার্থীদের অনেকেরই প্রথম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট। এই ইউনিট বাদ দেওয়ার বিষয়টি শুরু থেকেই ধোঁয়াশাচ্ছন্ন ছিল। ২০২০ সালের নভেম্বরের আগে ঘ ইউনিট রদ বা বহাল রাখার বিষয়ে কোথাও কোনো আলোচনা ছিল না। সেই বছরের ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির একটি বিশেষ সভা হয়। আলোচ্য সূচিতে না থাকলেও সেই সভার শেষ পর্যায়ে নিজে থেকেই ঘ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট বন্ধ করার প্রস্তাব তোলেন উপাচার্য মো. আখতারুজ্জামান। এর পেছনে পরীক্ষার বোঝা ও ভোগান্তি কমানোর যুক্তি দেন উপাচার্য।
একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপাচার্যের সেই প্রস্তাবে আইন অনুষদের ডিন মো. রহমত উল্লাহ ও কলা অনুষদের তৎকালীন ভারপ্রাপ্ত ডিন আবু মো. দেলোয়ার হোসেন সমর্থন দিয়েছিলেন। তবে সামাজিক বিজ্ঞান অনুষদের তৎকালীন ভারপ্রাপ্ত ডিন সাদেকা হালিম প্রস্তাবটির বিরোধিতা করেছিলেন। ওই সভার পর সাদেকা হালিম প্রথম আলোকে বলেছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকেরা নিজস্ব পরীক্ষা চান। এই অনুষদের জন্য স্বতন্ত্র ইউনিট হওয়া উচিত।
ঘ ইউনিট বাদ দেওয়ার প্রস্তাবের এক দিন পর অনুষদের শিক্ষকদের নিয়ে একটি ভার্চ্যুয়াল সভা করেন সাদেকা হালিম। এতে ৬০ জনের বেশি অধ্যাপক যোগ দেন। সভার পর সাদেকা হালিম জানিয়েছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের স্বাতন্ত্র্য বজায় রেখে ভর্তি পরীক্ষার ইউনিট রাখার ব্যাপারে সভায় সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে। সাদেকা হালিম সিদ্ধান্তটি লিখিতভাবে মতামত আকারে উপাচার্যের কাছেও পাঠিয়েছিলেন।
একই সময়ে চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন প্রথম আলোকে বলেছিলেন, ‘চারুকলার পরীক্ষা কীভাবে হবে, সে বিষয়ে কোনো কিছু সুনির্দিষ্ট না করে চ ইউনিট বন্ধের কথা বলা যথার্থ নয়।’
এর মধ্যেই ২০২০ সালের ২৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় শুধু ঘ ইউনিট বাদ দেওয়ার সুপারিশ করা হয়। এরপর ২০২১ সালের ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন থেকে পাওয়া নথি বলছে, ওই সভায় একাডেমিক কাউন্সিল ঘ ইউনিট বাতিলের সুপারিশটি অনুমোদন দেয়। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি সাধারণ ভর্তি কমিটির এক সভায় ডিনস সাব–কমিটিকে বিভাগ পরিবর্তনের অন্য কৌশল বের করার দায়িত্ব দেওয়া হয়।
তবে সামাজিক বিজ্ঞান অনুষদের তৎকালীন ডিন সাদেকা হালিমের ভাষ্য, একাডেমিক কাউন্সিলের সেই সভায় ঘ ইউনিট বাতিল করার ব্যাপারে কোনো কথাই হয়নি। ওই সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা যুক্ত ছিলেন। তাঁরা কেউই এ ব্যাপারে কিছু জানেন না।
উপাচার্য মো. আখতারুজ্জামান অবশ্য প্রথম আলোকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভার পর সাধারণ ভর্তি কমিটির সভার সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় ঘ ইউনিট বাতিলের সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে।
ঘ ইউনিটের বিকল্প কী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট বিভাগ পরিবর্তন ইউনিট হিসেবে পরিচিত। এই ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপর পরীক্ষায় অংশ নিয়ে সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের বিভিন্ন বিভাগে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে পারেন শিক্ষার্থীরা। উচ্চমাধ্যমিকে তিন ধারায় (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পড়াশোনা করা শিক্ষার্থীরাই এই পরীক্ষায় অংশ নিতে পারেন। যদিও বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্যই থাকে সিংহভাগ আসন।
ঘ ইউনিট বাতিল করে বিকল্প উপায়ে বিভাগ পরিবর্তনের সুযোগ রাখার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ইউনিটের বিষয়গুলোতে কলা অনুষদভুক্ত খ ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কথা ভাবা হচ্ছে।
বিভাগ পরিবর্তনের বিকল্প কৌশল বের করার জন্য ডিনস সাব-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটির প্রধান কলা অনুষদের ডিন আবদুল বাছির। তিনি বলছেন, শিক্ষার্থীদের হয়রানি বন্ধে ঘ ইউনিট বাদ দেওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বিভাগ পরিবর্তনের বিকল্প কৌশলের নীতিমালা তৈরির কাজ করছেন তাঁরা।
ঘ ইউনিট রাখার পক্ষে আন্দোলন
তবে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকেরা ঘ ইউনিট বহাল রাখার পক্ষে সোচ্চার হয়েছেন। ইউনিট বহাল রাখতে আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা। আন্দোলন পরিচালনার লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঘ ইউনিট বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা চলার মধ্যে গতকাল রোববার সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের একটি অনানুষ্ঠানিক সভা হয়েছে। সভায় শিক্ষকেরা ঘ ইউনিট বহাল রাখার পক্ষে আন্দোলন করতে সম্মত হয়েছেন।
আন্দোলনের লক্ষ্যে সভা থেকে ‘ঘ ইউনিট সর্বদলীয় আন্দোলন কমিটি’ নামে একটি প্ল্যাটফর্মের প্রস্তাব এসেছে। এতে অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া অনুষদভুক্ত বিভাগগুলোর চেয়ারপারসন ও শ্রেণি প্রতিনিধিরাও এই আন্দোলনে থাকতে পারেন।