ঢাবির দুই শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি, তদন্ত ঘিরে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের ২০১৭ সালের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফলাফল তৈরিতে অনিয়মের অভিযোগে দুই শিক্ষককে সব ধরনের পরীক্ষা কার্যক্রম থেকে তিন বছরের জন্য অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই দফা তদন্তে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগটি প্রমাণিত হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে অব্যাহতি পাওয়া শিক্ষকদের একজন তদন্তে ‘ব্যক্তিগত বিদ্বেষের’ অভিযোগ তুলেছেন।

ওই দুই শিক্ষক হলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন ও একই বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুস সবুর খান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে তাঁদের অব্যাহতির সিদ্ধান্ত হয়। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দুই শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে।

মোহাম্মদ বাহাউদ্দিনের দাবি, ফলাফল তৈরিতে যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের অনিচ্ছাকৃত ভুল হয়েছিল। ফল প্রকাশের পরের দিনই তাঁরা স্বপ্রণোদিত হয়ে তা সংশোধনও করেছিলেন। তা সত্ত্বেও ব্যক্তিগত বিদ্বেষ চরিতার্থে বিষয়টিকে ব্যবহার করেছেন কলা অনুষদের বিদায়ী ডিন আবু মো. দেলোয়ার হোসেন৷ তবে অধ্যাপক দেলোয়ার বলছেন, এখানে ‘ব্যক্তিগত বিদ্বেষের’ কোনো বিষয় ছিল না৷

খোঁজ নিয়ে জানা গেছে, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭ সালের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন মুহাম্মদ আবদুস সবুর খান, মোহাম্মদ বাহাউদ্দিন ছিলেন সদস্য। ২০১৮ সালে ওই পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফলে অসংগতির অভিযোগ তুলে ফল পুনঃ নিরীক্ষণের দাবি জানান শিক্ষার্থীদের একটি অংশ৷ এর পরিপ্রেক্ষিতে আইন অনুষদের ডিন মো. রহমত উল্লাহকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তদন্তে ব্যক্তিগত ক্ষোভ থেকে অধ্যাপক সবুর খান ও অধ্যাপক বাহাউদ্দিন ১১ শিক্ষার্থীর চারটি কোর্সের নম্বরে গরমিল করেছেন বলে প্রমাণিত হয়৷ তদন্ত কমিটি দুই শিক্ষককে তিন বছরের জন্য পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে বিরত রাখার সুপারিশ করে৷

অভিযোগের অধিকতর তদন্তের জন্য পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও একটি তদন্ত কমিটি করে। কলা অনুষদের তৎকালীন ডিন আবু মো. দেলোয়ার হোসেনকে এর প্রধান করা হয়৷ এই কমিটিও অভিযোগের প্রমাণ পেয়ে আগের কমিটির সুপারিশ বহাল রাখে৷ পরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডও একই সুপারিশ করে৷ গত মাসের সিন্ডিকেট সভায় বিষয়টি উঠলে সিন্ডিকেট শৃঙ্খলা বোর্ডের সুপারিশ অনুমোদন করে৷ এরপর পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে দুই শিক্ষককে বিষয়টি জানাতে চিঠি পাঠানো হয়৷ চিঠিতে দুই দফায় ফল তৈরির বিল বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দিতেও বলা হয়েছে৷

তদন্ত ঘিরে বিতর্ক
অব্যাহতি পাওয়া শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন ও মুহাম্মদ আবদুস সবুর খান এবং কলা অনুষদের বিদায়ী ডিন আবু মো. দেলোয়ার হোসেন—এই তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতির সঙ্গে জড়িত৷

মোহাম্মদ বাহাউদ্দিন প্রথম আলোকে বলেন, আমরা কোনো অন্যায় বা অনিয়ম করিনি৷ যেটা হয়েছে, ‘তা হলো অনিচ্ছাকৃত যান্ত্রিক ত্রুটি কেউ কিছু বলার আগে নিজেরাই গিয়ে চোখে পড়া ভুলগুলো ঠিক করে দিয়ে এসেছিলাম৷ বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত হলে এটি আমরা করতাম না৷ আমাদের বিভাগের তৎকালীন চেয়ারম্যান মো. আবুল কালাম সরকার ছিলেন ভিন্ন ঘরানার৷ তিনি এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে একটি বেনামি পত্র পাঠান৷ আমার সব বক্তব্যের প্রমাণ আছে৷ তদন্ত কমিটির কাছে তা দেওয়াও হয়েছিল৷ বিস্ময়কর হলো আমাদের তথ্য ও বক্তব্যগুলো আমলে নেওয়া হয়নি৷’

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম সরকার বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সমর্থক৷ তাঁর বিরুদ্ধে মোহাম্মদ বাহাউদ্দিনের করা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ওই পরীক্ষা কমিটির সদস্যও নই, ফলাফলও আমি তৈরি করিনি৷ ফলে আমার বেনামি পত্র দেওয়ার কোনো কারণ নেই৷ এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই৷ সংশোধন করে তৃতীয় দফা ফল প্রকাশের পর তাতেও ভুল থাকায় পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় থেকে বিভাগের দুজন শিক্ষককে টেবুলেটর হিসেবে নিয়োগ দিতে বলা হয়৷ পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি ও অধ্যাপক তারিক জিয়াউর রহমান আবার ফল তৈরি করি৷ এরপর এ বিষয়ে আমি আর কিছু জানি না৷ বিষয়টির তদন্ত কমিটিতে নীল দলের শিক্ষকেরাই ছিলেন৷ আমি বিরোধী মতের হওয়ায় আমার দিকে আঙুল তোলা হচ্ছে৷ এটি ঠিক নয়।’

বাহাউদ্দিন অভিযোগ করে বলেন, ‘অধ্যাপক আবু মো. দেলোয়ার ডিন হিসেবে প্রত্যাশা পূরণ করতে না পারায় আমি তাঁর বিভিন্ন কাজের সমালোচনা করেছি৷ সর্বশেষ ডিন নির্বাচনে মনোনয়নের প্রক্রিয়ায় দলের ফোরামে আমি তাঁর ব্যর্থতাগুলো তুলে ধরেছি৷ এটা স্পষ্ট যে তদন্ত কমিটিতে থেকে ব্যক্তিগত বিদ্বেষ থেকে তিনি আমাদের বিরুদ্ধে সুপারিশ করেছেন৷ আমাদের প্রতি অবিচার করা হয়েছে৷’ বিষয়টির পুনঃ তদন্ত দাবি করবেন বলে জানান বাহাউদ্দিন৷

বাহাউদ্দিনের অভিযোগের প্রসঙ্গে জানতে চাইল আবু মো. দেলোয়ার বলেন, বাহাউদ্দিনের প্রতি তাঁর কোনো ব্যক্তিগত আক্রোশ নেই৷ দুই দফা তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এবং তিনি ভিন্ন বিষয়ের লোক। তিনি আমার চেয়ে অন্তত ১০ বছরের ছোট৷ ফলে কোনো দিক থেকেই তাঁর সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই৷’

তথ্যপ্রমাণ বা বক্তব্য বিবেচনায় নেওয়া হয়নি—বাহাউদ্দিনের এই অভিযোগের বিষয়ে দেলোয়ার বলেন, ‘একটি পরীক্ষার টেবুলেশন হয় একবার৷ তাঁরা দুবার করেছেন৷ তৃতীয়বার করেছে আরেক পক্ষ৷ আমরা দেখেছি যে এটি যান্ত্রিক গোলযোগ নয়৷ তথ্যপ্রমাণ ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকারের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দিয়েছি৷ এখন কোনো অভিযোগ থাকলে তাঁরা (বাহাউদ্দিন ও সবুর খান) বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন৷ সেই পথ খোলা আছে৷’