ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির আবেদন করার শেষ দিন আজ বুধবার। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাত ১২টায় এই আবেদনপ্রক্রিয়া শেষ হবে। তবে ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ পরদিন বৃহস্পতিবার। ব্যাংক ও অনলাইন সার্ভিস ফিসহ নির্ধারিত ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ১১ সেপ্টেম্বর বেলা ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত এবং ‘ক’, ‘গ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ১৫ সেপ্টেম্বর বেলা ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ডাউনলোড করা যাবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৩ সেপ্টেম্বর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২৪ সেপ্টেম্বর চারুকলা অনুষদের ‘চ’ ইউনিট, ৩০ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিট, ২১ অক্টোবর বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিট ও ২৮ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।