ঢাবির সিন্ডিকেট নির্বাচন কাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনে ছয়টি পদের বিপরীতে সরকার-সমর্থক শিক্ষকদের নীল দল ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল থেকে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এই নির্বাচন হবে।
কাল সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি ছাড়াও একাডেমিক কাউন্সিলের দুটি ক্যাটাগরিতে ছয়টি পদে ও ফাইন্যান্স কমিটির একটি পদে নির্বাচন হবে। একাডেমিক কাউন্সিলের ছয়টি পদের তিনটিতে সাদা দল কোনো প্রার্থী দেয়নি।
সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে নীল দল থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম ও সাদা দল থেকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও পি জে হার্টগ আন্তর্জাতিক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন লড়ছেন। অধ্যাপক ক্যাটাগরিতে আছেন আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ ও সিনেট সদস্য অধ্যাপক লুৎফর রহমান।
এ ছাড়া সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে নীল দল থেকে মোহাম্মদ হুমায়ুন কবির, সাদা দল থেকে রাশীদ মাহমুদ লড়ছেন। সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে মো. মিজানুর রহমান ও কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান প্রতিদ্বন্দ্বী। প্রভাষক পদে নীল দলের জান্নাতুল নাঈমা ও সাদা দলের মো. রোকনুজ্জামান নির্বাচনে অংশ নিচ্ছেন।
একাডেমিক পরিষদের সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক-প্রভাষক ক্যাটাগরিতে ছয়টি পদে নীল দলের প্রার্থীরা হলেন আলমগীর কবির, নেপাল চন্দ্র রায়, মোহাম্মদ আশরাফ সাদেক, ফারজানা আহমেদ, মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, সঞ্চিতা গুহ। প্রার্থী না থাকায় শেষ তিনজনকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না। প্রথম তিনজনের বিপরীতে সাদা দলের প্রার্থীরা হলেন জাকির আহমেদ চৌধুরী, মোহাম্মদ মামুন চৌধুরী ও মো. ইসরাফিল প্রাং।
ফাইন্যান্স কমিটিতে নীল দলের প্রার্থী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। সাদা দলের প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম।