ঢাবির সূর্যসেন হলে খাবারের মান পরীক্ষায় ছাত্রলীগ, মান বাড়াতে আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিনে খাবারের মান পরীক্ষা করেছে হল শাখা ছাত্রলীগ
ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিনে খাবারের মান পরীক্ষা করেছে হল শাখা ছাত্রলীগ। পরীক্ষার পর ছাত্রলীগের নেতাদের মনে হয়েছে, খাবারের মান ভালো নয়, পরিবেশও অস্বাস্থ্যকর। পরে খাবারের মান উন্নত করতে ক্যানটিন ব্যবস্থাপকদের তিন দিন সময় বেঁধে দিয়েছে ছাত্রলীগ। এ সময়ের মধ্যে খাবারের মানের উন্নতি না হলে ক্যানটিন ব্যবস্থাপক পরিবর্তনের দাবি তুলবে তারা।

শুধু তা–ই নয়, ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ ক্যানটিন-ক্যাফেটেরিয়া বা দোকান থেকে ফাউ খেলে বা চাঁদা চাইলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলছে হল শাখা ছাত্রলীগ। আজ শুক্রবার জুমার নামাজের পর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ক্যানটিন, ক্যাফেটেরিয়া ও খাবারের দোকান পরিদর্শন করেন সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. মারিয়াম জামান খান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমান।

ক্যানটিন-ক্যাফেটেরিয়া পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে সিয়াম রহমান প্রথম আলোকে বলেন, ‘আজ জুমার নামাজের পর আমি ও হল শাখা ছাত্রলীগের সভাপতি (মো. মারিয়াম জামান খান) হলের ক্যানটিন, ক্যাফেটেরিয়া ও খাবারের দোকান পরিদর্শন করেছি। আমরা দেখলাম, ক্যানটিনে যে খাবার খাওয়ানো হয়, তা অনেক দিন রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। রান্না করা খাবার খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়। খাবারের মানও ভালো নয়। এসব চিহ্নিত করার পর ক্যানটিন ব্যবস্থাপকদের খাবারের মান ভালো করতে আমরা তিন দিন সময় বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে মান ভালো না হলে অন্য ব্যবস্থাপকের ব্যবস্থা করতে আমরা হল প্রশাসনের কাছে দাবি জানাব।’

ক্যানটিনে যে খাবার খাওয়ানো হয়, তা অনেক দিন রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়।
ছবি: প্রথম আলো

মো. মারিয়াম জামান খান ও সিয়াম রহমান এর আগে সূর্যসেন হল সংসদের ভিপি ও জিএসের দায়িত্ব পালন করেছেন। সিয়াম রহমান বলেন, হল সংসদের দায়িত্বে থাকা অবস্থায় তাঁরা তিনবার হলের ক্যানটিন, ক্যাফেটেরিয়া ও খাবারের দোকান পরিদর্শন করেছিলেন। দাবি জানানোর পর প্রথমে কিছুদিন খাবারের মান ভালো ছিল। পরে আবার মান খারাপ হলে তাদের জিজ্ঞেস করার পর কারণ হিসেবে দ্রব্যমূল্য বেশি হওয়া ও খাবারের দাম কম হওয়ার কথা বলেছিলেন ব্যবস্থাপকেরা৷ তাঁরা বলেছিলেন, মান বাড়ানোর প্রয়োজনে খাবারের দাম সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে। শিক্ষার্থীরা এখন অভিযোগ করছেন, খাবারের দাম বাড়লেও মানের কোনো উন্নতি হয়নি। সে জন্যই তাঁরা ক্যানটিন পরিদর্শন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ক্যানটিন থেকে চাঁদা নেওয়া ও ফাউ খাওয়ার অভিযোগ আছে ছাত্রলীগের কোনো কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে। এর জন্য ব্যবস্থাপকেরা খাবারের মান ভালো করতে পারেন না। এ প্রসঙ্গে সিয়াম রহমান বলেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ এ ধরনের কাজে জড়িত হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।