ঢাবির হলে ছাত্রের গায়েহলুদ, সরাসরি প্রচার হলো ফেসবুকে

আজ বৃহস্পতিবার দুপুরে এসএম হলের ভেতরের মাঠে গায়েহলুদের এই আয়োজন করা হয়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম হল) এক ছাত্রের গায়েহলুদের অনুষ্ঠান করেছেন শিক্ষার্থীরা। এই আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করার ফলে অন্যান্য হলের শিক্ষার্থীরাও আয়োজনটি সরাসরি দেখেছেন। অনেকেই জানিয়েছেন শুভকামনা।

বিয়ে করতে যাওয়া বাংলা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র হাবিবুর রহমান রবিনের সহপাঠীদের উদ্যোগে করা এই আয়োজনে হলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতারাও অংশ নেন। তাঁরা হাবিবুরের মুখে হলুদ মাখিয়ে তাঁর জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানান।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পাত্র হাবিবুর রহমান। স্নাতক শেষে এখন স্নাতকোত্তরে পড়ছেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে। পাত্রী রোকেয়া হলের, তাঁরই সহপাঠী।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামের একটি ফেসবুক গ্রুপে এ এম তানভীর নামের এক শিক্ষার্থী লিখেছেন, জামাই হলের (এসএম হল) সঙ্গে রোকেয়া হলের এই সম্পর্ক চিরন্তন হোক। এমন সাহসী সিদ্ধান্তের পথ তৈরি করে দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত হওয়ায় এই যুগলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অনিঃশেষ ভালোবাসা ও শুভকামনা।

হবু বরের মুখে হলুদ লাগিয়ে বন্ধুরা শুভ কামনা জানান
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার দুপুরে এসএম হলের ভেতরের মাঠে গায়েহলুদের এই আয়োজন করা হয়। আয়োজনটি ফেসবুক লাইভে সম্প্রচার করেন এসএম হল সংসদের সাবেক ভিপি এম এম কামাল উদ্দীন। সেখানে পাত্র হাবিবুর রহমানও কথা বলেন। দ্রুতই বিয়ে করতে যাচ্ছেন উল্লেখ করে এই ছাত্র বলেন, ‘ছাত্রজীবনে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়া আমাদের সামাজিক প্রেক্ষাপটে মোটেও সহজ ছিল না। তবু আমরা দুই পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি। অবশেষে সবার দোয়ায় কিছু একটা হতে যাচ্ছে। সবার কাছে দোয়া চাই।’

পরে যোগাযোগ করা হলে হাবিবুর রহমান বলেন, ‘বাড়িতে বিয়ের আয়োজন হলে বন্ধুদের সবাই উপস্থিত হতে পারবেন না। তাই আমার সহপাঠীরা ক্যাম্পাসে ব্যতিক্রমী এই গায়েহলুদের আয়োজন করেছে। এই আয়োজনের জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ক্যাম্পাসে এমন আয়োজন করতে পেরে সত্যি খুব ভালো লাগছে।’

হাবিবুর রহমান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন এসএম হল শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহম্মেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘হলের শিক্ষার্থীরা গায়েহলুদের আয়োজনটি করেছিলেন। ছাত্র প্রতিনিধি হিসেবে ডাকায় আমরাও অনুষ্ঠানটিতে গিয়েছি। এর আগে হাবিবুরের গ্রামের বাড়িতে গায়েহলুদ হয়েছে। এখন হলে সহপাঠী ও বড়-ছোট ভাইদের নিয়ে সে গায়েহলুদ করল।’

অবশ্য এসএম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মজিবুর রহমান বলছেন, এটি আসল গায়েহলুদ নয়, একটি ‘শুটিংয়ের অনুষ্ঠান’ ছিল। এই শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘গায়েহলুদ নয়, এটি একটি ফিল্মের শুটিংয়ের অনুষ্ঠান ছিল। শুটিংয়ের কথা বলেই এর অনুমতি নেওয়া হয়েছে। ছাত্রলীগের ছেলেরা এতে অংশ নিয়েছে।’
এ বিষয়ে গায়েহলুদের আয়োজক হাবিবুরের এক সহপাঠী জানান, তাঁরা হল প্রশাসনের কাছ থেকে সেভাবে কোনো অনুমতি নেননি। কারণ, এটি তাঁদের কাছে খুবই স্বাভাবিক ও সাধারণ একটি আয়োজন।