ঢালচরে ঘরবাড়ি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর হাতিয়ার ঢালচরে ভোলার মনপুরা উপজেলার অনুপ্রবেশকারীরা ঘরবাড়ি নির্মাণ শুরু করেছে। ৪ ও ৭ মার্চ ঢালচরে গিয়ে লোকজনকে মাটি কেটে শতাধিক ঘর বানাতে দেখা গেছে।ঢালচর নিয়ে নোয়াখালী ও ভোলা জেলার লোকজনের মধ্যে প্রায় ৫০ বছর ধরে সীমানাবিরোধ চলছে। নোয়াখালী জেলা প্রশাসন ১৯৬০ সালে পরিবারপ্রতি আড়াই একর করে এক হাজার ১৫৩ পরিবার এবং ২০০২ সালে পরিবারপ্রতি এক একর করে এক হাজার ২০০টি পরিবারকে ঢালচরে জমি বন্দোবস্ত দেয়। ঢালচরে নোয়াখালী বন বিভাগের বনায়নকৃত দুই হাজার ৫০০ একর বনভূমি রয়েছে। কাগজপত্রে ঢালচর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড। কিন্তু চল্লিশের দশকে জেগে ওঠা চরটিকে হাতিয়া ও মনপুরা উপজেলার লোকজন নিজেদের বলে দাবি করে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ৫০ বছর ধরে দাঙ্গা-হাঙ্গামা ও মামলা-মোকদ্দমা চলে আসছে।সর্বশেষ গত বছরের ১২ আগস্ট আদালত এক আদেশে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন, যা পরে এক বছর পর্যন্ত বাড়ানো হয়।ঢালচরের বিরোধ মীমাংসার জন্য ১০ ফেব্রুয়ারি ভোলার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এম আসলাম আলমের সভাপতিত্বে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। এতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু উচ্চ আদালত এবং ওই বৈঠকের নির্দেশ অমান্য করে ৪ মার্চ থেকে পুলিশ নিয়ে মনপুরার অনুপ্রবেশকারীরা ঢালচরে নতুন ঘর নির্মাণ শুরু করে। তারা প্রায় ১০০টি প্লট মেপে লোকজনকে বুঝিয়ে দেয়। ৬ ও ৭ মার্চ সারা দিন মাটি কেটে ঘর তোলার কাজ চলে। এর আগে ঢালচরে মনপুরার লোকজনের কোনো বসতি ছিল না।এ প্রসঙ্গে ভোলার জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম জানান, ঢালচরে মনপুরার অনুপ্রবেশকারীদের নতুন ঘর তৈরি সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।