ঢালচরে চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিষ চুরির ঘটনায় বিক্ষুব্ধ মালিকেরা গত শুক্রবার সন্ধ্যায় ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল করেছেন। মহিষমালিকদের অভিযোগ, চার বছরে পাঁচ হাজার মহিষ চুরি হয়েছে। লাগাতার মহিষ চুরির পেছনে চেয়ারম্যানের হাত রয়েছে।ইউপির চেয়ারম্যান আবুল কালাম পাটওয়ারী তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আবার কে বিক্ষোভ করবে, বিক্ষোভ করেছে বিচার পেতে, এ ব্যাপারে বৃহস্পতিবার সালিস ডাকা হয়েছে।’মহিষের মালিক জয়নাল হাজারী, ইউসুফ হাওলাদার, মানিক ইয়াসিন, আবুল কালাম ফরাজী, আমির হোসেন, রফিজল মাঝি, মহিউদ্দিন পাটওয়ারীসহ এলাকার অনেকেই জানান, ঢালচর বনে ভোলার বিভিন্ন এলাকার লক্ষাধিক মহিষ বিচরণ করে। এগুলো দেখাশোনার দায়িত্বে আছেন মফিজুল ইসলাম বাথাইন্যা ওরফে গাজী। তাঁদের অভিযোগ, মফিজুল ইসলাম প্রায়ই চুরি করে মহিষ বিক্রি করেন। মহিষের মালিক যখন জানতে চান, তাঁর মহিষ কোথায়, তখন তিনি অন্য মহিষ দেখান অথবা জানান, মহিষ জোয়ারে ভেসে গেছে। অনেক সময় তিনি একজনের মহিষ অন্যজনকে দিয়ে দেন। এভাবে নানা ছলচাতুরীর মাধ্যমে চার বছরে তিনি পাঁচ হাজার মহিষ বিক্রি করেছেন। সম্প্রতি তিনি তিনটি মহিষ বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। এ ঘটনায় ইউপির চেয়ারম্যানের কাছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিচার চান। কিন্তু তিনি এখনো বিচার করেননি।বিক্ষুব্ধ লোকজন ঢালচরের চেয়ারম্যান বাজারে শুক্রবার সন্ধ্যায় মিছিল করেন। মহিষের মালিকেরা জানান, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে তাঁরা মামলা করতে সাহস পাচ্ছেন না। মফিজুল ইসলাম মহিষ চুরি করে বিক্রির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, অনেক মহিষ জোয়ারে ভেসে গেছে।