ঢালচরে ঝড়ের ১২ দিন পরও দুর্ভোগ কমেনি
ঝড়ের ১২ দিন পরও ভোলা শহর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে চরফ্যাশন উপজেলায় সাগর মোহনার ইউনিয়ন ঢালচরে বিধ্বস্ত সারি সারি ঘর পড়ে আছে। পড়ে আছে অসংখ্য গাছ। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। ইউনিয়নের মাটির রাস্তাগুলো এখনো বেহাল।গত সোমবার ওই ইউনিয়নে গেলে ক্ষতিগ্রস্ত অনেকেই জানান, তাঁরা ত্রাণ পাননি। আবার ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ করেছেন অনেকে।ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হারুন অর রশিদ চেয়ারম্যান বাজারে পান বিক্রি করে সংসার চালান। তাঁর ছেলে কামাল এ বছর উপজেলার শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে। হারুন জানান, তাঁর কাছে ছেলের পরীক্ষার ফরম পূরণের টাকা নেই। ১০ অক্টোবরের ঝড়ে তাঁর বসতঘরটি বিধ্বস্ত হয়। এখন তাঁর পরিবার রোদ-বৃষ্টিতে মানবেতর জীবন যাপন করছে।ঝড়ে ৭ নম্বর ওয়ার্ডের বিবি রহিমার (৩৭) ভেঙে যাওয়া দুটি ঘর এখনো পড়ে আছে। তিনি বলেন, ‘আমগো হুদা গরই (ঘর) পরেনো, দুইডা ছাগল তিন-চাইড্যা মুকা মইর্যা গেছে। ৮ নম্বর ওয়ার্ডের সেতারা বিবির খড়ের ঘর ঝড়ে ভেঙে মাটিতে মিশে গেছে।’ঢালচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাঞ্চন অভিযোগ করেন, ত্রাণ বিতরণে দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বঞ্চিত হচ্ছে। ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম পাটওয়ারী জানান, ১০ অক্টোবরের ঝড়ে চরে ১৫২টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত, ২৬৮টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত ও প্রায় ১০০টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয়টি মসজিদ-মাদ্রাসাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য পাওয়া ১৮ মেট্রিক টন চাল ও এক লাখ ৮০ হাজার টাকা বিতরণ করেছেন। তাতে কোনো অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি। এ ছাড়া সেইভ দ্য চিলড্রেন ১৫টি পরিবারকে ঘর নির্মাণের সরঞ্জাম বিতরণ করেছে।চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম বলেন, ‘ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার এবং আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ হাজার টাকা করে বিতরণের যে আশ্বাস দিয়ে গেছেন, সে বরাদ্দ আমরা পাইনি।’ঢালচরের আনন্দবাজারের মাহবুবুর রহমান জানান, গাছের পাতা পড়ে পুকুরের পানি নষ্ট হয়ে গেছে। এতেই শিশুরা গোসল করছে এবং নারীরা ধোয়া-মোছার কাজ করছেন। ইউনিয়নের টাওয়ার মার্কেটের পল্লি চিকিৎসক আবদুল মালেক, ইব্রাহীম হাসানসহ একাধিক চিকিৎসক জানান, ঝড়ের পরে এলাকায় পানিবাহিত রোগ বেড়ে গেছে।ভোলার সিভিল সার্জন বাকির হোসেন জানান, ঝড়-পরবর্তী সময়ে ঢালচরে চিকিৎসা দল যাওয়ার কথা। না গিয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।