ঢালাই শেষে ধসে পড়ল সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর ময়মনসিংহের ফুলপুর উপজেলার আলকদী গ্রামে নির্মাণাধীন একটি সেতু ধসে পড়েছে। এতে দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আলকদী গ্রামের পারুয়ার খালের ওপর ৩৬ ফুট দীর্ঘ একটি সেতু নির্মাণ করছে। এ জন্য ২৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। নির্মাণকাজ তদারকি করছে পিআইওর কার্যালয়।
পিআইওর কার্যালয়ের অফিস সহকারী আবদুল আহাদ জানান, মেসার্স অ্যাসোসিয়েট বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে। সেতুটির কাজ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়। দরপত্রের শর্তানুযায়ী ৭৫ দিনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। সেতু নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকদের সর্দার ফরিদ মিয়া বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর সেতুটি ধসে পড়ে যায়। তখণ পিআইও এখানে উপস্থিত ছিলেন।’
ছুটিতে থাকায় পিআইও শফিকুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয় নিজাম উদ্দিন, আবদুল বারেকসহ কয়েকজন অভিযোগ করেন, পুরোনো রড ব্যবহার করায় ও পরিমাণমতো বালু ও সিমেন্ট ব্যবহার না করায় সেতুটি ধসে পড়েছে।