ঢালাইয়ের আগেই ছাদে ধস খাদ্যগুদাম নির্মাণ অনিশ্চিত
রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী খাদ্যগুদামের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের আগেই ধসে পড়েছে। ছাদের শাটারিং নিম্নমানের হওয়ায় ১১ জুন এই দুর্ঘটনা ঘটে। এতে ওই দিন ১০ জন নির্মাণশ্রমিক আহত হন।রংপুর গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, দরপত্রের শিডিউলে স্টিলের খুঁটি ও পাতের ঠেকনা দিয়ে ছাদ ঢালাইয়ের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু নিম্নমানের বাঁশ ও কাঠ ঠেকনা হিসেবে ব্যবহার করায় ছাদ ধসে পড়েছে। এতে যথাসময়ে খাদ্যগুদাম নির্মাণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্মাণকাজে তদারকিতে গাফিলতির অভিযোগে রংপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদকে অন্যত্র বদলি করা হয়েছে। গণপূর্ত রংপুর কার্যালয় সূত্র জানায়, খাদ্যশস্য মজুদের জন্য জানুয়ারি মাসে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে রংপুরের সদর, কাউনিয়া, পীরগঞ্জ ও গঙ্গাচড়ায় চারটি খাদ্যগুদাম নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। হক ট্রেডার্স নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণকাজের দায়িত্ব পান। এর মধ্যে পীরগঞ্জের ভেন্ডবাড়ীতে খাদ্যগুদাম নির্মাণের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ করা হয়। এটি ৫০০ মেট্রিক টন খাদ্যশস্য ধারণক্ষমতার।গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, মার্চ মাসে ভেন্ডাবাড়ীর গুদামটির ভবন নির্মাণের কাজ শুরু হয়। জুনের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা। এই কাজ তদারকির দায়িত্ব পায় রংপুর গণপূর্ত বিভাগ। ১১ জুন ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। ওই দিন কাজ তদারকির দায়িত্বে ছিলেন রংপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবু জাফর মিয়া ও উপসহকারী প্রকৌশলী ফজর আলী।জানা গেছে, ১১ জুন ঢালাইয়ের কাজ অর্ধেক শেষ না হওয়ার আগেই ছাদটি ধসে পড়ে। এতে ওই দিন ১০ জন নির্মাণশ্রমিক আহত হন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছাদের ঢালাইয়ে শাটারিং করার সময় বাঁশ ও কাঠ ব্যবহার করা হয়েছে। নিম্নমানের পুরোনো বাঁশ ও কাঠ এত বড় ভবনের ছাদের ভার নিতে পারেনি। এ কারণে এটি ধসে পড়েছে। উপবিভাগীয় প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, ‘ঘটনার দিন আমি সেখানে উপস্থিত ছিলাম। শিডিউল অনুযায়ী ছাদ ঢালাই করা হয়নি। এভাবেও ঢালাই হতে পারে। তবে একটু সতর্ক থাকলে এ ধরনের দুর্ঘটনা হতো না। এ ঘটনার পর রংপুর গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদকে অন্যত্র বদলি করা হয়েছে।এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। হক ট্রেডার্সের ব্যবস্থাপক রাজু মিয়া বলেন, ‘স্রেফ এটা একটা দুর্ঘটনা।’