ঢালাইয়ের এক ঘণ্টার মধ্যে ভেঙে পড়েছে কালভার্ট

সাতক্ষীরার তালায় ঢালাইয়ের এক ঘণ্টা পর ভেঙে পড়ছে একটি কালভার্ট। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়িত শাহপুর বাজারের ভেতর দিয়ে প্রবাহিত ‘শাহপুর খাল’-এর ওপর নির্মিত কালভার্টটি ভেঙে পড়ে।
তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের এই কালভার্টের প্রাক্কলিত মূল্য ১৫ লাখ ৯১ হাজার ৭৬৮ টাকা। গত মে মাসে কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার কথা অক্টোবর মাসে। কালভার্টটি নির্মাণ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনার পাইকগাছা উপজেলার মেসার্স চাঁদনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মহসিনা শিরিন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিডিউল অনুযায়ী কাজ করা হয়নি। কাজ তদারকি কর্মকর্তারাও ঠিকমতো তদারকি করেন না। শ্রমিকেরা যেভাবে পারেন, সেইভাবে কাজ শেষ করার চেষ্টা করছেন। সে কারণে ভেঙে পড়েছে। তাঁরা আরও জানান, নিয়ম অনুযায়ী ঢালাইয়ের কাজ করার আগে তদারকি কর্মকর্তাকে নিয়ে কাজ দেখাতে হবে। এরপর তাঁর উপস্থিতিতে ঢালাইয়ের কাজ করতে হবে।
মেসার্স চাঁদনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মহসিনা শিরিনের সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে ফোন দিলে তিনি ধরেননি। ওই প্রতিষ্ঠানের অংশীদার জাহাঙ্গীর আলম জানান, শাটারিং সরে যাওয়ায় ভেঙে পড়েছে। কাজে অনিয়ম হয়নি।