ঢালাইয়ের পরদিনই ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বতীপুরের শাখা করতোয়া নদীর ওপর নির্মাণাধীন কাচারীঘাট সেতুটি ভেঙে পড়ে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো
পার্বতীপুরের শাখা করতোয়া নদীর ওপর নির্মাণাধীন কাচারীঘাট সেতুটি ভেঙে পড়ে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সামনেই গতকাল সোমবার সন্ধ্যায় ভেঙে পড়েছে নির্মাণাধীন একটি সেতু। উপজেলার হরিরামপুর ইউনিয়নের শাখা করতোয়া নদীর ওপর কাচারীঘাটে চলছে এই সেতুটির নির্মাণকাজ। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে সেতুটি নির্মাণ করায় এ ঘটনা ঘটেছে।
পার্বতীপুর উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয় প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নে ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ রাস্তায় সেতুটি নির্মাণ করা হচ্ছিল। বালুয়াপাড়া থেকে আফতাবগঞ্জ পাকা সড়ক পর্যন্ত সংযোগ রাস্তার জন্য ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকায় সেতুটি নির্মাণ করা হচ্ছিল। গত রোববার রাতে সেতুটির ঢালাইকাজ শেষ হয়। গতকাল বিকেলে ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেতুটি পরিদর্শনে যান। তিনি সন্ধ্যার দিকে পরিদর্শন শেষ করে চলে আসার জন্য প্রস্তুত হতে না হতেই তাঁর সামনে সেতুর ৩০ ফুট অংশ ভেঙে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের পাথর আর বালু ব্যবহার এবং দায়িত্বশীল কর্মকর্তাদের তদারকির অভাবে সেতুটির নির্মাণকাজ খারাপ হয়েছে। তাই এটি ভেঙে পড়েছে।
সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাফ্ফর অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোজাফ্ফর হোসেন বলেন, সেতু নির্মাণে কোনো ত্রুটি ছিল না। ঢালাইয়ের সময় নিচের শাটারিং সরে যাওয়ায় লোড নিতে না পেরে সেতুটি ভেঙে পড়েছে। ঢালাই অপসারণ করে পুনরায় ঢালাই দেওয়া হবে।
পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, শাটারিং সমস্যার কারণে সেতুটি ধসে পড়ার ঘটনা ঘটেছে। ধসে যাওয়া অংশ ঠিক করে পুনরায় ঢালাই দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান বলেন, সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।