ঢালাইয়ের পরপরই ধসে পড়ল সেতু
মানিকগঞ্জ সদর উপজেলায় খালের ওপর নির্মাণাধীন একটি সেতু ঢালাইয়ের পরপরই ধসে পড়েছে। যুবলীগের এক নেতার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করছে।
সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাট-রানাদিয়া সড়কে রানাদিয়া খালের ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। গত রোববার রাতে সেতুটির এক-তৃতীয়াংশ ধসে যায়।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের অর্থায়নে ৬০ ফুট দৈর্ঘ্যের সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে পিআইওর কার্যালয়। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৫৬ লাখ ৮৯ হাজার টাকা। দরপত্রের মাধ্যমে সেতু নির্মাণের দায়িত্ব পায় মেসার্স জে জে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড। ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক হলেন জেলা যুবলীগের পাঠাগারবিষয়ক সম্পাদক আবু জাফর।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ৬০ ফুট দৈর্ঘ্যের সেতুটির পূর্ব পাশের ৪০ ফুট ঢালাই শেষ হয়েছে। পশ্চিমাংশের প্রায় ২০ ফুট অংশ ধসে পড়ে আছে। সেখান থেকে নির্মাণশ্রমিকেরা পাথরের খোয়া সরাচ্ছেন।
নির্মাণশ্রমিক মিন্টু মিয়া বলেন, গত রোববার সকাল থেকে রাত আটটা পর্যন্ত সেতুর ওপর ঢালাই করা হয়। ওই দিনই রাত ১১টার দিকে ঢালাইয়ের ঠেকনার বাঁশ সরে গিয়ে সেতুর এ অংশটি ধসে পড়ে। এ ঘটনায় রাজিব হোসেন ও আলাউদ্দিন নামের দুই শ্রমিক আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পিআইওর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. শাহিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বাঁশের ঠেকনা সরে গিয়ে সেতুটির ওই অংশটুকু ধসে পড়ে।
এলাকাবাসী বলেন, রানাদিয়া, খালপাধোয়া ও চরতিল্লী গ্রামের মানুষ সেতুর অভাবে জেলা শহরে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘদিন ধরে এই খালের ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। সেতুটি নির্মাণ করা হলে অন্তত ১০ হাজার মানুষ সুবিধা পাবেন। কিন্তু কম মূল্যের নির্মাণসামগ্রী দিয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আছে। এ কারণে ঢালাই শেষ করতে না করতেই সেতুটি ধসে পড়েছে।
এ বিষয়ে ঠিকাদার আবু জাফর বলেন, নির্মাণশ্রমিকদের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। ধসে যাওয়া অংশটুকু তিনি নিজ খরচে পুনরায় নির্মাণ করবেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া বেগম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিজ অর্থে দ্রুত সেতুর ধসে যাওয়া অংশ পুনরায় নির্মাণ করবে। এ ঘটনায় সদর উপজেলা প্রকৌশলীকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।