ঢালাওভাবে গ্রেপ্তার মানবাধিকার পরিপন্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে গ্রেপ্তারের ঘটনার প্রতি ইঙ্গিত করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, রাজনৈতিক নেতাদের ঢালাওভাবে গ্রেপ্তার করা মানবাধিকারের নীতিমালাকে সমর্থন করে না।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদে মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় মিজানুর রহমান এ কথা বলেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, দেশের রাজনীতিকেরা এখন মানুষকে পুড়িয়ে, হত্যা করে, হামলা চালিয়ে শুধু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। তিনি দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে সরকার ও বিরোধী দলের সহনশীলতার প্রতি জোর দেন।
একই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, হরতালের নামে যে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতার ঘটনা ঘটছে, এর দায় বড় নেতারা এড়িয়ে যেতে পারেন না। তিনি বলেন, ছোট ছোট নেতা-কর্মীরা কারাগারে যাবেন, আর তাঁদের যাঁরা উসকানিদাতা, তাঁরা বাইরে থাকবেন, তা হয় না। সম্প্রতি হরতালে যেসব নাশকতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে, তার দায়ভার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিতে হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
স্মরণসভায় মূল প্রবন্ধ পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনুন নাহার।
আলোচনায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল, সংসদে আদিবাসীদের জন্য সুরক্ষা আইন তৈরির দাবি করেন। এ ছাড়া রাঙামাটি থেকে চট্টগ্রাম সড়ককে ‘এম এন লারমা মহাসড়ক’ করা, জাতীয় শিক্ষা কার্যক্রমে এম এন লারমার জীবনী অন্তর্ভুক্ত করার দাবি করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঐক্য ন্যাপের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা এবং ঘোষণাপত্র পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস প্রমুখ।