ঢালাওভাবে চুক্তিতে নিয়োগ উচিত না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ এম এম শওকত আলী
এ এম এম শওকত আলী

চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজন আছে। তবে তা ঢালাওভাবে হতে পারে না। বিশেষ করে কারিগরি কিছু বিষয়ে বাছবিচার করে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যায়। আগে চিকিৎসক ও প্রকৌশলী কম ছিলেন। প্রশাসনেও অভিজ্ঞ লোক কম ছিলেন। এখন যেখানে প্রতিবছর কয়েক হাজার ক্যাডার কর্মকর্তা নিয়োগ হয়, সেখানে আর চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজন নেই। চুক্তিভিত্তিক নিয়োগ কোনোভাবেই নিয়মিত বিষয় হতে
পারে না। যেখানে যথেষ্ট পরিমাণ কর্মকর্তা রয়েছেন, সেখানে চুক্তিভিত্তিক নিয়োগ অনুচিত।
কারণ অনেকে বছরের পর বছর একই পদে চাকরি করছেন।

আর পদবিহীন ঢালাও পদোন্নতি হওয়া উচিত নয়। পদোন্নতি হতে হবে পদের বিপরীতে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের। যে ব্যক্তিকে পদোন্নতি দেওয়া হচ্ছে, তিনি আগের কাজই করছেন। এতে তাঁর উদ্যম নষ্ট হচ্ছে।
শূন্য পদ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে। সেখানে সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার শূন্য পদের হিসাব থাকে। কিন্তু এটা কেউ খতিয়ে দেখেন না। বরং নতুন পদ সৃষ্টির বিষয়ে অনেক বেশি আগ্রহ দেখা যায়। কিন্তু এখানেও জটিলতা রয়েছে। জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় থেকে দীর্ঘ প্রক্রিয়া শেষে পদ সৃষ্টি করতে হয়। কিন্তু একটি নতুন পদ সৃষ্টির ছয় মাসের মধ্যে তা পূরণ না হলে আপনা-আপনি তা বাতিল হয়ে যাওয়া উচিত। একসময় এই নিয়ম মানা হলেও এখন আর কেউ মেনে চলেন না।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদের অনুমোদন নিতে হয় সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে। কিন্তু এই কাজে পিএসসিও দীর্ঘ সময় ব্যয় করে। আগে এত সময় লাগত না। পিএসসির দক্ষতাও কমেছে। পিএসসির দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে।
শূন্য পদে নিয়োগে দেরির আরও একটি কারণ হলো পুলিশি তদন্ত প্রতিবেদন পেতে অনেক সময় লেগে যায়। ১৫ দিনের মধ্যে এই প্রতিবেদন না পাওয়া গেলে ধরে নিতে হবে প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।