ঢালারচরবাসীর চেয়ারম্যান-ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার চরমপন্থী-অধ্যুষিত দুর্গম ঢালারচর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচিত হতে হলে চরমপন্থীদের সমর্থন লাগবেই। এমন কথা গোটা ঢালারচর ইউনিয়ন তো বটেই উপজেলার অন্য এলাকায়ও প্রতিষ্ঠিত। তবে গত ২৭ বছরে চেয়ারম্যান পদে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের একজনও এলাকায় থেকে দায়িত্ব পালন করতে পারেননি। যে চরমপন্থীদের সমর্থনে তাঁরা নির্বাচিত হয়েছেন, ওই চরমপন্থীদের ভয়েই এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন তাঁরা। ইউনিয়নের বাইরে নিরাপদ কোনো স্থানে অস্থায়ী ইউপি কার্যালয় বসিয়ে দায়িত্ব পালন করেছেন তাঁরা। এতে তাঁদের কাছে না পেয়ে ইউনিয়নের বাসিন্দারা বঞ্চিত হয়েছে বিভিন্ন সুবিধা থেকে। ইউনিয়নেও লাগেনি উন্নয়নের ছোঁয়া।তবে গত বছরের ২০ জুলাই চরমপন্থীদের হাতে তিন পুলিশ নিহত হওয়ার পর ঢালারচরের পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। অব্যাহত পুলিশি অভিযানে চরমপন্থীরা এখন এলাকাছাড়া। এ কারণে দীর্ঘ ২৭ বছর পর ঢালারচরবাসীর সামনে সুযোগ এসেছে নির্ভয়ে ইউপি নির্বাচনে ভোট দেওয়ার। কিন্তু এরই মধ্যে চেয়ারম্যান পদে কোরবান আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এবার ওই পদে তাঁদের ভোট দিতে হচ্ছে না। মনোনয়নপত্র দাখিল করা পাঁচজন প্রার্থীর মধ্যে ১৫ মে চারজনই তা প্রত্যাহার করে নেন। ফলে, বেসরকারিভাবে কোরবান আলীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ জন্য ঢালারচরবাসীর এবার শুধু ইউপি সদস্য পদে ভোট দিতে হবে। ৩১ মে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এদিকে চেয়ারম্যান পদে ভোট দেওয়ার সুযোগ না পেলেও ঢালারচরবাসীর দাবি, নির্বাচিত চেয়ারম্যান যেন তাঁদের পাশে থাকেন। আগের চেয়ারম্যানদের মতো এলাকা ছেড়ে তিনি যেন ভয়ে পালিয়ে না যান।ঢালারচরের শ্যামপুর গ্রামের সিদ্দিক মণ্ডল বলেন, ‘তিনারা (চরমপন্থীরা) এখন এলাকাছাড়া। কাজেই চেয়ারম্যানর এখন এলাকায় থাকতি অসুবিধা কী?’ রামনারায়ণপুর গ্রামের লোকমান হোসেন বলেন, ‘এর আগের চেয়ারম্যানরা এলাকায় না থাকায় এলাকার কুনু উন্নতিই হয় নাই। তাই আমাগরে দাবি, চেয়ারম্যান সাব যেন এলাকাতেই থাকেন।’বেসরকারিভাবে নবনির্বাচিত চেয়ারম্যান কোরবান আলী বলেন, ‘এর আগে আমি এক মেয়াদের জন্য (১৯৯৮-২০০৩) এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। চরমপন্থীদের ভয়ে সে সময় এলাকায় থাকতে না পারলেও এখন অবশ্যই এলাকায় থাকব।’বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৪ সালের পর এ ইউনিয়নে চরমপন্থীদের তৎপরতা ব্যাপকভাবে বেড়ে যায়। ওই সময়ের পর থেকে ইউনিয়নজুড়ে বাড়তে থাকে খুন ও সন্ত্রাসী কার্যকলাপ। সে সময় ইউপি চেয়ারম্যান ছিলেন লোকমান হোসেন। এলাকায় থেকেই দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু চরমপন্থীদের ভয়ে একপর্যায়ে তিনি ইউনিয়নের বাইরে কাজীরহাটে এসে দায়িত্ব পালন করা শুরু করেন। লোকমান হোসেনের পর আর কোনো চেয়ারম্যানই ঢালারচরে স্থায়ীভাবে থেকে দায়িত্ব পালন করতে পারেননি।বিদায়ী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান নির্বাচিত হয়েছিলেন ২০০৩ সালে। নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই চরমপন্থীদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে তিনি এলাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত উপজেলা সদরে এসে বাসা ভাড়া নেন। তিনি তাঁর মেয়াদের পুরো সময়টাই সেখানে থেকেছেন। আর ইউপির নানা কাজ করেছেন মাসুমদিয়া ইউনিয়নের কাজীরহাটে একটি অস্থায়ী কার্যালয় বসিয়ে।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, ‘পুলিশি তৎপরতায় ঢালারচর এখন চরমপন্থীশূন্য। ভবিষ্যতেও যাতে এ অবস্থা থাকে, সে ব্যাপারে আমাদের প্রখর দৃষ্টি রয়েছে। আগে ইউপি চেয়ারম্যানরা সেখানে গিয়ে দায়িত্ব পালন করার সাহস পেতেন না বলে শুনেছি। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে নির্ভয়ে তাঁরা সেখানে স্থায়ীভাবে থাকতে পারবেন। এ ছাড়া আসন্ন ইউপি সদস্য নির্বাচনে সেখানে কড়া নিরাপত্তাব্যবস্থা থাকবে।’