ঢালী আল মামুনকে ব্যাংকক পাঠানোর সিদ্ধান্ত
সড়ক দুর্ঘটনায় আহত শিল্পী ঢালী আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।তাঁর বন্ধু ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, এরই মধ্যে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ১৯ আগস্ট শুক্রবার ঢালী আল মামুনকে বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হচ্ছে।শিল্পী ঢালী আল মামুন এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢালী আল মামুনের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তাঁর ফুসফুসে রক্তক্ষরণ হচ্ছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। তাই কৃত্রিমভাবে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, ঢালী আল মামুনের দাঁত উপড়ে গেছে; চোয়ালের দুটি ও পাঁজরের আটটি হাড় ভেঙে গেছে।১৩ আগস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ঢালী আল মামুন। একই দুর্ঘটনায় নিহত হন বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং বিশিষ্ট চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীর।