মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিল্পী ঢালী আল মামুনের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মো. সেকান্দর চৌধুরী স্বাক্ষরিত এই চিঠি গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।চিঠিতে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ঢালী আল মামুন এ দেশের ক্ষণজন্মা শিল্পীদের একজন। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের শিল্পী মামুন সাম্প্রদায়িকতাবিরোধী প্রতিটি গণমুখী ও প্রগতিশীল আন্দোলনে সব সময় সরব ভূমিকা পালন করেছেন। চিত্রকলাসহ তাঁর স্থাপনা শিল্পকর্ম আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রশংসিত হয়েছে। এ রকম একজন গুণী শিল্পীর সংকটাপন্ন অবস্থায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘উন্নত চিকিৎসার জন্য শিল্পী ঢালী আল মামুনকে খুব শিগগির বিদেশে পাঠানো প্রয়োজন। এতে দরকার বিপুল অর্থের। প্রধানমন্ত্রীর সহায়তা পেলে আমাদের প্রিয় সহকর্মী ঢালী আল মামুনকে আমরা ফিরে পাব।’ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকান্দর চৌধুরী গতকাল বলেন, ‘মামুনের উন্নত চিকিৎসার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছি।’