ঢালী আল মামুনের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ঢালী আল মামুনকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং চারুশিল্পীরা। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানানো হয়।মানববন্ধনে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যান চলাচলবিষয়ক অব্যবস্থাপনার কারণে সংঘটিত সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ‘পারফরম্যান্স আর্ট’ প্রদর্শন করেন। এতে শিক্ষার্থীরা প্রতীকী সাজে আহত এবং নিহত ব্যক্তিদের অবস্থা উপস্থাপন করেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে চারুকলা ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন’ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক মো. মনসুর উল করিম, সহযোগী অধ্যাপক জাহেদ আলী চৌধুরী, সহকারী অধ্যাপক সৌমেন কান্তি দাশ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সাইফুল আলম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মানিকগঞ্জের সড়কে যে ঘটনা ঘটেছে, সেটি কোনো দুর্ঘটনা নয়; হত্যাকাণ্ড। দেশের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। অনতিবিলম্বে সড়ক সংস্কার, সড়ক দুর্ঘটনা বন্ধে যাবতীয় পদক্ষেপ গ্রহণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া দরকার।তাঁরা বলেন, শিল্পী ঢালী আল মামুন ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাঁরা উন্নত চিকিৎসার জন্য মামুনকে সরকারিভাবে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে আরও অংশগ্রহণ করেন ইনস্টিটিউটের শিক্ষক শায়লা শারমিন, নাসিমা আখতার, জাহেদ আলী চৌধুরী, চবি ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর এ বি এম মাসুদ মাহমুদ, শিল্পী আহমেদ নেওয়াজ প্রমুখ।বক্তারা এ দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনীরের আত্মার শান্তি কামনা করেন।