
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আবদুর রব সেরনিয়াবাত সেতুর খয়রাবাদ এলাকার ঢালের নিরাপত্তা পিলারগুলো এক বছর ভাঙা পড়ে থাকলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
কীর্তনখোলা ও খয়রাবাদ নদীর ওপর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এ সেতু নির্মাণ করে। ২০১১ সালে এর উদ্বোধন করা হয়। বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ওই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক যানবাহন চলাচল করে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার দেখা যায়, সেতুর খয়রাবাদ অংশের সংযোগ সড়ক থেকে সেতুতে ওঠার ঢালের দুপাশের প্রায় ৩০-৪০টি পিলার ভাঙা। সেতু থেকে ওঠানামা করার সময় যানবাহনের কোনো নিরাপত্তা নেই। সেতুর আশপাশের লোকজন বলছেন, এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা ওই অবস্থায় রয়েছেন।
এলাকার বাসিন্দা মো. মোজাম্মেল হক বলেন, প্রায় দেড় বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় ঢালের নিরাপত্তা পিলারগুলোর বেশির ভাগ ভেঙে যায়। এরপর সেগুলো মেরামত করার কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পিলারগুলো না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। সেতুর ঢাল দিয়ে যানবাহন ৫০ ফুট নিচে পড়ে গিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে।
বরিশাল-কুয়াকাটা সড়কের গাড়িচালক মো. বেল্লাল হোসেন বলেন, সেতুর ঢালে নিরাপত্তা পিলার না থাকায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। বিশেষ করে রাতে অন্য গাড়িকে পাশ দিতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পিলার থাকলে অন্তত কিছুটা বিপর্যয় এড়ানো সম্ভব।
কিন্তু এটা মেরামতের দায়িত্ব নিচ্ছে না বরিশাল সড়ক ও জনপথ বিভাগ। তাদের দাবি, সেতুর ওই অংশটি বরিশালের আওতায় নয়। সওজের বরিশালের নির্বাহী প্রকৌশলী খালেদ সাহেদ বলেন, ‘বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবদ অংশের বেশ কিছু নিরাপত্তা পিলার অনেক দিন আগে ভেঙে গেছে। বিষয়টি আমাদের নজরেও এসেছে। তবে ওই অংশটি ঝালকাঠির আওতায় পড়ায় আমাদের পক্ষে কাজ করা সম্ভব হয়নি।’
এ ব্যাপারে সওজ ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান বলেন, মহাসড়কের ওই অংশের নিরাপত্তা পিলার স্থাপনের জন্য ইতিমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। যতগুলো ভাঙা পিলার আছে সবগুলো নতুন করে স্থাপন করার ব্যবস্থা করা হবে।