
পর্যটনকেন্দ্র কুয়াকাটা সড়কের তিন সেতুর নির্মাণকাজ চলছে ধীরগতিতে। কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়নে প্রধানমন্ত্রী এই তিনটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কাজের সময় দুই দফা বাড়ানো হয়েছে।
ধীরগতির এই কাজের কারণে পর্যটকদের এমনকি স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ কারণে আকর্ষণ
হারাচ্ছে কুয়াকাটা। কুয়াকাটার মৎস্য বন্দর ও স্থানীয় ব্যবসায়ীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তত্ত্বাবধানে সেতু তিনটির নির্মাণকাজ শুরু হয়। প্রথম দফা সময় বাড়ানোর পর ২০১৪ সালের ডিসেম্বর মাসে সেতুগুলোর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ধীরগতিতে কাজ চলায় দ্বিতীয় দফায় ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
২০১০ সালের ৬ মে বরগুনা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সমাবেশে পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা সড়ক সংস্কার এবং এর আওতায় তিনটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী-কুয়াকাটা ৭০ কিলোমিটার সড়কের সংস্কারকাজ শেষ হলেও সেতু তিনটির নির্মাণকাজ শেষ হয়নি। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি এক দিনের সফরে প্রধানমন্ত্রী পটুয়াখালীর কলাপাড়া সফরে এসে সেতু তিনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পটুয়াখালী সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, কুয়াকাটার মহিপুর-আলীপুর শিববাড়ীয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুটির নামকরণ করা হয়েছে ‘শহীদ শেখ রাসেল সেতু’। প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডারের এই সেতুটির দৈর্ঘ্য ৪০৮ দশমিক ৩৬ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। কার্যাদেশ অনুযায়ী ২০১২ সালের ৫ অক্টোবর সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি হয়েছে ৮৩ ভাগ।

কলাপাড়ার আন্দারমানিক নদীর ওপর নির্মাণাধীন সেতুটির নামকরণ করা হয়েছে ‘শহীদ শেখ কামাল সেতু’। এই সেতুর দৈর্ঘ্য ৮৯১ দশমিক ৭৬ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। ২০১১ সালের ১২ জুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৩ সালের ১১ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত প্রায় ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে হাজীপুর সোনাতলা নদীর ওপর নির্মাণাধীন শহীদ শেখ জামাল সেতুর দৈর্ঘ্য ৪৮২ দশমিক ৩৭৫ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর সেতুর কাজ শেষ করার কথা থাকলেও অগ্রগতি হয়েছে মাত্র ৬৩ ভাগ।
আলীপুর মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আব্বাস কাজী বললেন, ‘কুয়াকাটা, মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর থেকে ট্রাক-পিকআপে করে আড়তদারেরা মাছ দেশের বিভিন্ন বাজারে বিক্রির জন্য পাঠিয়ে থাকেন। ফেরি বিকল হলে ট্রাক-পিকআপগুলো ফেরিঘাটে আটকা পড়ে মাছে পচন ধরে যায়। সেতুর কাজ শেষ হলে আমরা এই ভোগান্তি থেকে রক্ষা পেতাম।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন,

কুয়াকাটার প্রতি দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ থাকলেও শুধু যোগাযোগ সমস্যার কারণে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কুয়াকাটার গুরুত্ব বিবেচনা করে সেতু তিনটির কাজ দ্রুত শেষ করা প্রয়োজন।
শহীদ শেখ কামাল ও শহীদ শেখ জামাল সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান মহিউদ্দিন বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প কর্মকর্তা প্রণব কুমার সাহা বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। তবে বর্ধিত সময়ের আগেই নির্মাণকাজ শেষ হবে।
সওজ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, সেতু তিনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৭৪ কোটি ৭৫ লাখ টাকা। এ পর্যন্ত ১০৮ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। উপকূলে বৈরী আবহাওয়া, নদীতে জোয়ার-ভাটায় প্রবল স্রোতের কারণে নির্মাণকাজে একটু বিলম্ব হচ্ছে।