ঢিমেতালে চলছে নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের বুড়িখোঁড়া নদীর ওপর রামগঞ্জ সেতুর নির্মাণকাজ চলছে ঢিমেতালে। এক দফা সময় বৃদ্ধির পর চলতি বছরের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত অর্ধেক কাজ বাকি রয়ে গেছে।এতে ১৬টি গ্রামের প্রায় ১২ হাজার মানুষের দুর্ভোগ শিগগিরই কমছে না বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) নীলফামারীর জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী ইফতেখার আলী বলেন, ‘ঠিকাদার মতিয়ার রহমান সেতু নির্মাণের কাজ শুরু করার পর নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এবং সময়মতো অর্থ ছাড় না হওয়ায় কাজটি দীর্ঘদিন বন্ধ ছিল। পরে আবারও সময় বাড়িয়ে কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে কাজের ৬০ শতাংশ শেষ হয়েছে। আশা করছি, আগামী ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হয়ে যাবে।’১১ মে সরেজমিন দেখা গেছে, সেতুর পাইলিং ও ক্যাপের কাজ শেষ হয়েছে। সেখানে চারজন মিস্ত্রি রড সোজা করার কাজ করছেন। এ সময় ঠিকাদারের প্রতিনিধি মো. মাসুদ জানান, এখন ঢালাইয়ের কাজ শুরু হবে। তবে কবে নাগাদ ঢালাইয়ের কাজ শুরু করা হবে সেটি তিনি সঠিকভাবে জানাতে অপারগতা প্রকাশ করেন।নিত্যানন্দি গ্রামের ছলেমান আলী জানান, টুপামারী ইউনিয়নের ব্যবসাকেন্দ্র রামগঞ্জ বাজার। বাজারসংলগ্ন বুড়িখোঁড়া নদীটি ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করেছে। সেতুর অভাবে তাঁদের ছেলেমেয়েরা রামগঞ্জ বাজারের স্কুল-কলেজে যেতে পারছে না। দীর্ঘদিনেও সেতুর কাজ শেষ না হওয়ায় সুখধন, আকাশকুড়ি, দুহুলীপাড়া, নিত্যানন্দি, ডাউয়াবাড়ী, বোচার খাল, চড়চড়া বাড়ীসহ পাশের ১৫-১৬টি গ্রামের প্রায় ১২ হাজার মানুষ রামগঞ্জ বাজারে ও জেলা সদরে যেতে দুর্ভোগ পোহাচ্ছেন। এলজিইডি ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৬৮ সালে তৎকালীন সরকার সেখানে ৭৩ হাজার টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ শুরু করে। নদীর দুই পাড়ে দুটি স্তম্ভ (পিলার) করার পর ওই বছরই বন্যায় পিলার দুটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর আর সেতুটি করা হয়নি। এরপর ২০০০ সালের ১১ এপ্রিল সেখানে একটি বেইলি সেতু করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা এখনো সাক্ষী হয়ে আছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সর্বশেষ ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২৩০ ফুট দীর্ঘ ও ১২ ফুট প্রস্থ সেতুটি নির্মাণের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। ২০১২ সালের ২৪ জানুয়ারি সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আবারও সময় বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন করা হয়েছে।