ন্যায্যমূল্যের কার্ডের মাধ্যমে দরিদ্রদের মাঝে চাল বিক্রি কার্যক্রমের শুরুটা ঢিমেতালেই শুরু হলো। দেশে প্রথমবারের মতো শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম দিনে বিক্রেতা-ক্রেতা উভয়ের দিক থেকেই খুব একটা সাড়া মেলেনি। এক মাস চাল বিক্রির এ কার্যক্রম চলবে বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। রাজধানীতে তিন লাখ ৯৫ হাজার কার্ডধারীর জন্য ৩০৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার প্রথম দিন মাত্র ৪৩ জন ডিলার চাল উঠিয়েছেন। চাল বিক্রি হয়েছে দুই টন ৭০০ কেজি। খাদ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সারা দেশের চিত্র রাজধানীর ব্যতিক্রম নয়। খাদ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ন্যায্যমূল্যের কার্ডের মাধ্যমে দেশের প্রায় আট লাখ ৯৬ হাজার পরিবারকে স্বল্প মূল্যে খাদ্য সহায়তা দিতে কার্ড দেওয়া হয়। এদের জন্য ডিলার নিয়োগ দেওয়া হয় প্রায় আড়াই হাজার। কিন্তু চাল উঠিয়েছেন ৩৩০ জন। খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরুণ দেব মিত্র এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, যেকোনো কার্যক্রমের প্রথম দিকে সাড়া কিছুটা কম পাওয়া যায়। ধীরে ধীরে ক্রেতার সংখ্যা বাড়ে। গতকাল বৃষ্টি থাকায় ক্রেতার সংখ্যা কম ছিল উল্লেখ করে তিনি বলেন, ক্রেতার পরিমাণ বাড়াতে প্রতিটি এলাকায় মাইকিং করা হবে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ টাকা। ডিলাররা এ চাল গুদাম থেকে সংগ্রহ করবেন সাড়ে ২২ টাকায়। বাকি দেড় টাকা তাঁদের জন্য কমিশন হিসেবে রাখা হয়েছে। প্রত্যেক কার্ডধারী মাসে ২০ কেজি করে চাল কিনতে পারবেন। তবে ক্রেতাদের সুবিধার জন্য দুই কিস্তিতে এই চাল কেনার অনুমতি দিয়েছে খাদ্য বিভাগ। ঢাকা মহানগর, অন্য ছয়টি বিভাগীয় শহর ও দেশের সব জেলা শহরের দরিদ্র মানুষের মধ্যে চাল বিক্রির এ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচিতে প্রায় ২০ হাজার টন চাল বিক্রি করা হবে। কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক এক হাজার কার্ডধারীর জন্য একজন করে ডিলার নিয়োগ করা হয়েছে। ঢাকার পার্শ্ববর্তী ১৭টি ইউনিয়নে ১৭ জনসহ দেশে ৮৬১ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ১৬ অগাস্ট এ কর্মসূচি শুরুর কথা থাকলেও খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি শেষ না হওয়ায় তিন দিনের জন্য কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়।