ঢিল ছুড়লে পাটকেল খেতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

হঠাত্ করে প্রধান বিরোধী দল বিএনপির ওপর চড়াও হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তাঁর দলের নির্বাচনে অংশ নেওয়ার পথে বাধার সৃষ্টি করা ও সমালোচনার জন্য বিএনপির ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।
বিরোধী দলকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘নির্বাচন না করার অধিকার আপনাদের আছে, আবার আমারও অধিকার আছে নির্বাচন করার। কেন আমার পথে বাধার সৃষ্টি করছেন। ইচ্ছা করলে আমরাও বাধা সৃষ্টি করতে পারি। মনে রাখবেন, ঢিল ছুড়লে পাটকেল খেতে হয়। পাটকেল মারার ক্ষমতা আমাদের আছে।’
রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল শনিবার বিকেলে জাতীয় যুবসংহতির এক সমাবেশে এ বক্তব্য দেন এরশাদ। ‘সর্বদলীয় সরকারের’ মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ঠাঁই পাওয়া দলের সাত নেতাকে সংবর্ধনা দিতে এ সমাবেশ করা হয়। এরশাদ বর্তমান সরকারকে জালিম, দুর্নীতিবাজ সরকার আখ্যায়িত করে বলেন, এ সরকারকে উত্খাত করতে হলে নির্বাচন ছাড়া কোনো পথ নেই। তিনি ১৮-দলীয় জোটের সমাবেশ থেকে নির্বাচনের তফসিল ঘোষণার পর হরতাল-অবরোধ করে দেশ অচল করে দেওয়ার হুমকিরও সমালোচনা করেন।
এরশাদ বলেন, ‘দেশ অচল করে দেওয়া হবে কেন? কী জন্য হরতাল করব? একটি দলকে ক্ষমতায় আনার জন্য? জনগণ হরতাল করবে না, আমরাও হরতাল মানি না।’ বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ক্ষমতায় যেতে হলে নির্বাচন করতে হবে। অযথা মানুষ পোড়াবেন না।’
এরশাদ বলেন, ‘নির্বাচনে যাওয়া না-যাওয়া আমার ইচ্ছা। আমি তো কারও সঙ্গে জোট করিনি, কোনো লিখিত চুক্তি করিনি।’ বিএনপিকে উদ্দেশ করে এরশাদ আরও বলেন, ‘আমি লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করব, তাতে আপনাদের কী ক্ষতিটা করলাম? আমাকে হুমকি দেবেন না, ভয় দেখাবেন না। আমি শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। তাই বলে মনে করবেন না, আমি দুর্বল। আমি সেনাপতি ছিলাম, আমি সৈনিক। আমাকে দুর্বল ভাববেন না।’
জাপার চেয়ারম্যান বলেন, তাঁর সামনে পথ ছিল দুটি। নির্বাচনে অংশগ্রহণ করা, না করা। নির্বাচনে অংশগ্রহণ না করলে অন্য দলের সঙ্গে সহিংস আন্দোলনে যেতে হতো, গাড়িতে আগুন দিতে হতো, ছেলেদের পুড়িয়ে মারতে হতো। জাতীয় পার্টি সে রাজনীতিতে বিশ্বাস করে না। নির্বাচনে যাওয়ায় নেতা-কর্মীরা আনন্দে উচ্ছ্বসিত বলে দাবি করেন এরশাদ।
জাতীয় যুবসংহতির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জাপার মহাসচিব ও বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বক্তব্য দেন।